প্রথম ওয়ানডেতে নেই মোস্তাফিজ

জিম্বাবুয়েতে প্রথম ওয়ানডেতে মোস্তাফিজকে পাচ্ছে না বাংলাদেশছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক কারণে সফরের মাঝপথে দেশে ফিরছেন মুশফিকুর রহিম। ওদিকে চোট নিয়েই খেলবেন অধিনায়ক তামিম ইকবাল। জিম্বাবুয়ে সফরে এবার আরেকটি ধাক্কা খেল বাংলাদেশ দল। অ্যাঙ্কেলের চোটের কারণে কাল সিরিজের প্রথম ওয়ানডেতে খেলতে পারবেন না পেসার মোস্তাফিজুর রহমান। প্রস্তুতি ম্যাচে পাওয়া চোট কাটিয়ে উঠতে অন্তত ৩-৪ দিন বিশ্রাম লাগবে তাঁর।

হারারের তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব মাঠে একমাত্র প্রস্তুতি ম্যাচে বোলিংয়ের সময় ডান পায়ের অ্যাঙ্কেলে চোট পান মোস্তাফিজ। ইনিংসের প্রথম ওভারেই অস্বস্তিতে ছিলেন তিনি। এরপর সে ওভারের শেষ বলটা না করেই মাঠ থেকে উঠে যান

দলীয় সূত্র জানিয়েছে, অন্তত ৩-৪ দিন লাগবে মোস্তাফিজের সেরে উঠতে। কাজেই কাল প্রথম ওয়ানডেতে তাঁকে ছাড়াই মাঠে নামতে হবে বাংলাদেশ দলকে। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ১৮ জুলাই। দলের আশা মোস্তাফিজ তার আগেই সুস্থ হয়ে উঠবেন।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীও প্রথম আলোকে জানিয়েছেন, মোস্তাফিজের চোটের জায়গাতে ফোলা আছে। ঝুঁকি এড়াতে প্রথম ওয়ানডেতে না–ও খেলতে পারেন তিনি।

মোস্তাফিজের প্রথম ওয়ানডেতে না খেলাটা বড় ধাক্কা
ছবি: এএফপি

এর আগে সফরের একমাত্র টেস্টের স্কোয়াডেও ছিলেন না মোস্তাফিজ, সাম্প্রতিক সময়ে দীর্ঘ সংস্করণের ম্যাচে খেলছেন না তিনি। তবে সীমিত ওভারে বাংলাদেশের মূল বোলার মোস্তাফিজই। তাঁর না খেলাটা তাই একটা বড় ধাক্কাই হবে তামিমের দলের জন্য।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের পর বাংলাদেশ দল তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে জিম্বাবুয়ে সফরে।