প্রথম ঘণ্টা নিয়েই যত দুশ্চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুশফিকের এই উজ্জ্বল হাসি কি কাল দলের অন্য ব্যাটসম্যানদের মুখেও দেখা যাবে? ছবি: এএফপি।
মুশফিকের এই উজ্জ্বল হাসি কি কাল দলের অন্য ব্যাটসম্যানদের মুখেও দেখা যাবে? ছবি: এএফপি।

হায়দরাবাদ টেস্টে জয়ের জন্য বাংলাদেশের দরকার ৩৫৬ রান। তবে জয় নয়, টেস্টের শেষ দিনটা পার করে দল ড্র করতে পারে কি না, এটাই দেখার। ৯০ ওভার কাটিয়ে দিতে বাংলাদেশের সম্বল যে মাত্র ৭ উইকেট। ব্যাটিং কোচ থিলান সামারাবীরা অবশ্য পথ বাতলে দিয়েছেন আজ। কাল প্রথম ঘণ্টা নিরাপদে পার করতে হবে বাংলাদেশকে। 

কাজটা অবশ্য সহজ নয়। এই তো নিউজিল্যান্ডের বিপক্ষেও প্রথম টেস্টে শেষ দিনে ৭ উইকেট হাতে নিয়ে ব্যাট করছিল বাংলাদেশ। পঞ্চম দিনে ৪০ ওভারও খেলতে পারেনি। এর আগেই অলআউট হয়ে ম্যাচটাও হেরে গেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে দলের এভাবে ভেঙে পড়াটা ব্যাটিং কোচকেও চিন্তায় ফেলে দিচ্ছে, ‘দ্বিতীয় ইনিংসের ব্যাটিংটা দুশ্চিন্তার কারণ হয়ে যাচ্ছে। আমরা দ্রুত শেষ হয়ে যাচ্ছি। নিউজিল্যান্ডে প্রথম টেস্টে অবশ্য আমরা পাঁচজন ব্যাটসম্যান নিয়ে খেলেছি (দ্বিতীয় ইনিংসে), কিন্তু দ্বিতীয় টেস্টে আরও ভালো করা উচিত ছিল।’
ওয়েলিংটন টেস্টের তুলনায় বাংলাদেশ কাল একটু এগিয়েই থাকছে। এবার অন্তত চোটগ্রস্ত নন, ফিট মুশফিকুর রহিমকেই পাচ্ছে বাংলাদেশ। তবে ম্যাচ থেকে ইতিবাচক কোনো ফল পেতে চাইলে সবাইকেই দায়িত্ব নিতে হবে বলে মনে করেন সামারাবীরা, ‘আমাদের দল হিসেবে ভালো করতে হবে। এমন না যে নির্দিষ্ট কোনো ব্যাটসম্যানকেই দায়িত্ব নিতে হবে। আমাদের অন্তত চার বা পাঁচজন ব্যাটসম্যানকে সেটা করতে হবে, ৬০-৭০ রানের জুটি গড়তে হবে।’
কিন্তু সে জন্য তো সকালটা নিরাপদে পার করতে হবে। আজও দিনের প্রথম ওভারে আউট হয়েছেন আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ। ৪ উইকেট নিয়ে দিন শুরু করে মধ্যাহ্নবিরতির আগেই অলআউট বাংলাদেশ। আজ কঠিন ভার অপরাজিত দুই ব্যাটসম্যান সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর ওপর, ‘সবচেয়ে ভালো হয় যদি অপরাজিত দুই ব্যাটসম্যান সেঞ্চুরি পায়। আমার মতে, পিচ যথেষ্ট ভালো, তাই প্রথম ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। ওরা যদি ভালো শুরু পেয়ে যায়, তাহলেই বিপদ। আশা করি খেলোয়াড়েরা শান্ত থাকবে, মানসিক শক্তি দেখাতে পারবে।’
কিন্তু সেটা নিয়েই তো প্রশ্ন। সাকিব কি পারবেন ঠান্ডা মাথায় ইনিংস গড়তে? সামারাবীরা আশাবাদী, ‘সে যদি স্বাভাবিক খেলাটা খেলেই লম্বা সময় থাকতে পারে, তবে দলের জন্যই ভালো।’