প্রথম জয়ের লক্ষ্যে কোহলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনিংসটা বড় হলো না সাঙ্গাকারার। তবে পেলেন প্রতিপক্ষের অধিনায়ক কোহালির শ্রদ্ধা। ছবি: রয়টার্স
ইনিংসটা বড় হলো না সাঙ্গাকারার। তবে পেলেন প্রতিপক্ষের অধিনায়ক কোহালির শ্রদ্ধা। ছবি: রয়টার্স

লক্ষ্যটা অনতিক্রম্য নয়, তবে কঠিনই বটে। চতুর্থ ইনিংসে ৪০০-এর বেশি রান তাড়া করে জেতার রেকর্ড টেস্ট ইতিহাসে আছে মাত্র চারটি। পঞ্চম দল হিসেবে এ তালিকায় নাম লেখাতে কলম্বোর পি সারা ওভালে ভারতের বিপক্ষে শেষ দিনে শ্রীলঙ্কাকে করতে হবে ৩৪১ রান। হাতে রয়েছে ৮ উইকেট। এই সমীকরণকে তুল্যমূল্য ধরলে ম্যাচটা হেলে আছে ভারতের দিকেই।
৪১৩ রানের লক্ষ্যে খেলতে নেমে কুশল সিলভা ও কুমার সাঙ্গাকারার উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ২ উইকেট ৭২ রান। সাঙ্গাকারা খেলে ফেলেছেন জীবনের শেষ ইনিংসটি। রবিচন্দ্রন অশ্বিনের বলে স্লিপে মুরলি বিজয়ের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরার আগে করেছেন ১৮ বলে ১৮ রান। চরিত্র-বিরুদ্ধ এক ইনিংসই বটে। শেষ টেস্ট ইনিংসে কেন বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলার তাগিদ অনুভব করলেন, লঙ্কান কিংবদন্তিই তা ভালো বলতে পারবেন।
সাঙ্গার সাজঘরে ফেরার সময় উল্লাস থামিয়ে বিদায় সম্ভাষণ জানিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। লঙ্কান কিংবদন্তির প্রতি সম্মান জানিয়েছে পি সারা ওভালে উপস্থিত হাজার সাতেক দর্শকও। সাঙ্গাকারা উইকেটে থাকলে হয়তো আশার প্রদীপটা আরও উজ্জলভাবেই জ্বালিয়ে রাখতে পারত লঙ্কানরা। শেষ দিনে ৩৪১ রান করাটা যে পাহাড় ডিঙানোর সমানই।
এ মাঠে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডটি অবশ্য শ্রীলঙ্কারই। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৫২ রান তাড়া করে জিতেছিল লঙ্কানরা। এবার কি ঘটবে তেমন কিছু? তেমন কিছু ঘটলে দুটো জিনিস হবে—সিরিজ নিশ্চিত হবে, সঙ্গে ‘গ্রেট’ সাঙ্গাকারার বিদায়টাও হবে আরও রঙিন।
এর আগে তৃতীয় দিন শেষে ১ উইকেটে ৭০ রানের সঙ্গে আজ আরও ২৫৫ রান যোগ করে ৮ উইকেটে ৩২৫ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। অজিঙ্কা রাহানে করেন তাঁর ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি। মুরালি বিজয়ের সঙ্গে দ্বিতীয় উইকেটে গড়েন ১৪০ রানের যুগলবন্দী। ৮২ রানে বিজয় ফিরে গেলে চতুর্থ উইকেটে রোহিত শর্মার সঙ্গে গড়েন ৮৫ রানের জুটি। মূলত এ দুটি জুটির কল্যাণেই লঙ্কানদের সামনে বিরাট লক্ষ্য ছুড়ে দেয় ভারত।
আগামীকাল লঙ্কানদের বাকি ৮ উইকেট তুলে নিতে পারলে ভারতেরও বিরাট এক প্রাপ্তিযোগ ঘটবে। অধিনায়ক হিসেবে বিরাট কোহলি পেয়ে যাবেন তাঁর প্রথম জয়টি। সূত্র: এএফপি।