প্রথম টি-টোয়েন্টিতে হেরে গেল বাংলাদেশের মেয়েরা
টি-টোয়েন্টি ক্রিকেট মানেই চার-ছক্কা। তবে বাংলাদেশের নারী ক্রিকেট দলের খেলা দেখলে সেটা বোঝা কঠিন। চার-ছক্কা মারার অক্ষমতা আবারও ভোগাল বাংলাদেশকে। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৬ রানে হেরেছে বাংলাদেশ।
বৃষ্টির কারণে ২০ ওভারের ম্যাচ কমে এসেছিল দশ ওভারে। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে খাবি খেয়েছেন আইরিশ মেয়েরা। ওপেনার ক্লেয়ার শিলিংটনই খানিকটা চেষ্টা করেছিলেন ১৮ বলে ২৬ রান করে। তাঁর ইনিংসে ছিল ৪টি চার। বাংলাদেশের খাদিজাতুল কোবরা ২ ওভারে ৫ রানে ৩ উইকেট পেয়েছেন।
১০ ওভারে ৫৫ রানের ছোট লক্ষ্যটাই বিশাল হয়ে উঠল বাংলাদেশের ব্যাটারদের অক্ষমতায়। পুরো ইনিংসে মাত্র ১টি চার মেরেছেন তাঁরা। একমাত্র চারটি মেরেছেন যিনি, সেই আয়েশা রহমানও ১৬ বলে করেছেন ৮ রান। ফারজানা হকই শুধু ২৪ বলে ২৪ রান করে ‘টি-টোয়েন্টি’ সুলভ ব্যাটিংয়ের ইঙ্গিত দিয়েছেন। দলের বাকি ব্যাটাররা শুধু পিচে আসা-যাওয়াই করেছেন। শেষ ওভারে জয়ের জন্য ১০ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। টানা তিন বলে তিন ব্যাটার আউট হয়ে যাওয়ায় সে লক্ষ্য থেকে ৭ রান দূরে থেকেই শেষ হয়েছে বাংলাদেশের ইনিংস।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আগামীকাল বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায়। ক্রিকইনফো।