প্রথম টি-টোয়েন্টিতে নায়ক ইমাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু ওয়েস্ট ইন্ডিজকে একাই ধসিয়ে দিয়েছেন ইমাদ ওয়াসিম। তাঁর স্পিন-বিষে নীল হয়েই সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ হেরেছে ৯ উইকেটে।
পরশু ১৪ রানে ৫ উইকেট নিয়েছেন ইমাদ। ক্যারিবীয় অধিনায়ক কার্লোস ব্রাফেটের কণ্ঠে তাই পাকিস্তানের বাঁহাতি স্পিনারের প্রশংসা, ‘আমরা কন্ডিশন বুঝতে পারিনি, অবস্থা বুঝে খেলতে পারিনি। তবে শুধু আমরা খারাপ ব্যাটিং করেছি বলব না, ইমাদ দারুণ বল করেছে।’
ডোয়াইন ব্রাভোর সংগ্রামী ৫৫ রানে ৮ উইকেটে ৪৮ হয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ ১১৫ রান করলেও লাভ হয়নি খুব একটা। মাত্র ১ উইকেট হারিয়েই ১১৬ রান করে ফেলেছেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। অধিনায়ক সরফরাজ আহমেদের প্রশংসার পুরোটাই বরাদ্দ ছিল বোলারদের জন্য, ‘বোলারদের প্রশংসা করে আমি শেষ করতে পারব না। তবে ওরা এত দ্রুত অলআউট হয়ে যাবে আশা করিনি।’
কাল সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান ৪ উইকেট হারিয়ে ১৬০ রান করেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাড়া করতে নেমে ১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৬ রান করেছে ওয়েস্ট ইন্ডজ ক্রিকইনফো।