প্রথম টেস্টের তাসকিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাসকিন আহমেদ
তাসকিন আহমেদ

প্রথম টেস্ট খেলছেন। টেস্ট ক্রিকেটার হওয়ার পর সংবাদ সম্মেলনে প্রথম। এর মধ্যে পেয়ে গেছেন টেস্টে প্রথম উইকেটও। তাসকিন আহমেদকে কোথায় সবাই এসব ‘প্রথম’ নিয়ে জিজ্ঞেস করবেন তা নয়; দলের বিপর্যয়, সতীর্থদের চোট, ওয়েলিংটন টেস্টে বাংলাদেশের সম্ভাবনা—শুরুতেই এসব কঠিন বিষয়ে কথা বলতে হলো তাঁকে!
একটু পর অবশ্য তাসকিনের অভিষেক টেস্ট প্রসঙ্গও এল। তাসকিনও যেন তখন আবার ফিরে গেলেন মাঠে। সাদা পোশাক গায়ে লাল বল হাতে বল করার রোমাঞ্চ খেলে গেল তাঁর চোখে-মুখে।
—প্রথম টেস্ট খেলছেন। লম্বা সময় ধরে বোলিংয়ের অভিজ্ঞতা হলো। সব মিলিয়ে কেমন লাগছে টেস্ট ক্রিকেট?
তাসকিন: বেশ কঠিন। শরীরে অনেক চাপ পড়ে। তবে আমি অনেক উপভোগ করেছি। প্রায় দেড় শ ওভার ফিল্ডিং করলাম, ২৯ ওভার বোলিং করেছি। একটু কষ্টকর। তবে মাঠে খেলাটা অনেক উপভোগ করছি। আমি টেস্ট খেলছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। ম্যাচের শেষটা ভালো হলে আরও ভালো হবে। সব মিলিয়ে চ্যালেঞ্জিং আমার জন্য।
—টেলিভিশনে খেলা দেখে টেস্ট ক্রিকেট সম্পর্কে নিশ্চয়ই একটা ধারণা জন্মেছিল। এখন নিজেই খেলছেন। কোনো পার্থক্য টের পাচ্ছেন?
তাসকিন: আমার জন্য নতুন অভিজ্ঞতা। এত দিন টিভিতে টেস্ট ম্যাচ দেখেছি। এখন আল্লাহর রহমতে আমি নিজেই খেলছি। টেস্টে বোলারদের ধৈর্যের ব্যাপার আছে। শারীরিকভাবে ফিট থাকাটা জরুরি। অনেক চ্যালেঞ্জিং এখানে বল করা। এটা আমার প্রথম টেস্ট। প্রথম টেস্টের ভুল থেকে ভবিষ্যতে শিক্ষা নেওয়ার চেষ্টা করব।
—কেন উইলিয়ামসন বারবারই আপনার বলে আউট হচ্ছেন। আপনার প্রথম টেস্ট উইকেটও তাঁকে আউট করেই। উইলিয়ামসনের কোনো দুর্বল জায়গা খুঁজে পেয়েছেন মনে হচ্ছে...

তাসকিন: উইলিয়ামসন অনেক বড় খেলোয়াড়। তার কিছু শক্তির জায়গা আছে। সেগুলোয় বল না করার চেষ্টা করি। দুর্বল জায়গায় বল করেছি বলেই হয়তো উইকেট পেয়েছি। আমার প্রথম টেস্ট উইকেট উইলিয়ামসনের, এটা বড় পাওয়া। ভাগ্য ভালো হলে আরও উইকেট পেতাম। তবে কোচসহ সবাই আমার বোলিংয়ের প্রশংসা করেছেন। বলেছেন, প্রথম টেস্ট হিসেবে অনেক ভালো করেছি।

তাসকিনের কথায় অভিষেক টেস্ট নিয়ে একটা আফসোসও কি বেরিয়ে এল? আসলেই তো! সাব্বির রহমান যদি স্লিপে জিৎ রাভালের ক্যাচটা না ফেলতেন, তাহলে টেস্টের প্রথম ওভারেই উইকেট পেতে পারতেন তাসকিন। বা আরেকবার সাকিব আল হাসান যদি আরেকটু সজাগ থাকতেন, তাসকিনের উইকেট-সংখ্যা বাড়তেও পারত। সংবাদ সম্মেলনে অবশ্য এ নিয়ে বেশি কথা বললেন না তাসকিন। বরং একটু মজাই করলেন, ‘কেউ তো ইচ্ছা করে ক্যাচ ফেলে না। আর স্লিপে, গালিতে ১৪১-১৪২ কিলোমিটার গতির বলে ক্যাচ নেওয়া কঠিনও। আশা করি, বেশি দিন এ রকম মিস হবে না।’

কাল চা-বিরতির সময়ও ওয়েলিংটন টেস্ট যে জায়গায় দাঁড়িয়ে ছিল, তাতে অভিষেক টেস্টটা তাসকিনের জন্য স্মরণীয় হতেই পারত। এখনো যে সম্ভাবনা নেই, তা নয়। তবে ইমরুল কায়েসের চোট, শেষবেলায় তিন-তিনটি উইকেট পড়ে যাওয়া কিছুটা কঠিন পরিস্থিতির দিকেই ঠেলে দিয়েছে বাংলাদেশকে। তবে তাসকিনের আশা, নতুন দিনে সামলে ওঠা যাবে বিপর্যয়। এটাও জানিয়ে দিলেন, জয়ের লক্ষ্যেই খেলবে বাংলাদেশ, ‘আমরা অবশ্যই ভালো ব্যাটিং করব। আশা করি, ইমরুল ভাই দ্রুত সুস্থ হয়ে যাবেন। অন্যরাও দায়িত্ব নিয়ে খেলবে। ব্যাটসম্যানরা লম্বা ইনিংস খেলার চেষ্টা করবে।’

হতে পারে এটা তাসকিনের প্রথম টেস্ট, তবু বেসিন রিজার্ভে আজ নিশ্চয়ই আরেকবার বোলিং করতে চাইবেন না তিনি।