প্রথম তিনের বাইরে সাকিব
তিনি মাঠের বাইরে অনেক দিন। কিন্তু অন্যরা তো বসে নেই। সাকিব আল হাসানকে চারে ঠেলে আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে তিনে উঠে এসেছেন রবীন্দ্র জাদেজা। সতীর্থ হাশিম আমলাকে দুইয়ে ঠেলে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন এবি ডি ভিলিয়ার্স। সেঞ্চুরি দিয়ে জিম্বাবুয়েতে সদ্যসমাপ্ত ত্রিদেশীয় সিরিজ শুরু করেছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক, অপরাজিত ফিফটি করেছেন ফাইনালে।
র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফ অবশ্য দিয়েছেন ডি ভিলিয়ার্সের আরেক স্বদেশী। ব্যাটিং র্যাঙ্কিংয়ে ৫৪ নম্বরে থেকে জিম্বাবুয়েতে এসেছিলেন ফাফ ডু প্লেসি। দ্বিপক্ষীয় সিরিজের পারফরম্যান্সে এগিয়েছিলেন ১০ ধাপ। এরপর ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্সে ৩৩ ধাপ এগিয়ে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এখন ১১ নম্বরে! জ্যাক ক্যালিসের অবসরে ৩ নম্বরে ব্যাটিংয়ের সুযোগ পাওয়া ডু প্লেসি তিনটি সেঞ্চুরি করেছেন ত্রিদেশীয় সিরিজে, ফাইনালে করেছেন ৯৬।