প্রথম দিনটা কুক-ব্যালান্সের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্টে ৯ ইনিংস পর ফিফটি, সেটিকে কাল সেঞ্চুরির রূপ দিতে গিয়েও পারলেন না অ্যালিস্টার কুক, আউট হয়ে গেলেন ৯৫ রানে l এএফপি
টেস্টে ৯ ইনিংস পর ফিফটি, সেটিকে কাল সেঞ্চুরির রূপ দিতে গিয়েও পারলেন না অ্যালিস্টার কুক, আউট হয়ে গেলেন ৯৫ রানে l এএফপি

রোজ বোলে টস জেতার পর স্যাম রবসনকে সঙ্গী করে ব্যাট করতে নামলেন অ্যালিস্টার কুক। আগের ৯ ইনিংসে কোনো হাফ সেঞ্চুরি ছিল না। সর্বশেষ সেঞ্চুরি সেই গত বছরের মে মাসে, লিডসে। পরের ২৭টি ইনিংসে কখনো স্কোরবোর্ডে তাঁর নামের পাশে তিন অঙ্কের রান দেখা যায়নি। ২৮ বছর পর লর্ডসে ভারতের কাছে হেরে সিরিজে পিছিয়ে দল। অধিনায়ক হিসেবে সর্বশেষ ১০ টেস্টের ৭টিতে হার। আথারটন-ভন-হুসেইন-পিটারসেনরা তাঁর অধিনায়কত্ব কেড়ে নেওয়ার দাবিতে সরব। কী ভয়ংকর চাপ! ড্রেসিংরুম থেকে যখন ব্যাট হাতে উইকেটের দিকে যাচ্ছেন, কাঁধটাকে কি অনেক ভারী মনে হচ্ছিল কুকের?

৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার লোকটা সেই ভয়ংকর চাপ নিয়েই দিনের বেশির ভাগ সময় খেলে গেলেন। না, মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরিটা কালও হয়নি। কিন্তু ৭৬তম ওভারের শেষ বলে রবীন্দ্র জাদেজার বলে ধোনির হাতে ক্যাচ দিয়ে যখন ফিরে যাচ্ছেন, সমালোচকেরা কিছুটা হলেও জবাব পেয়েছেন। ব্যাটসম্যান কুককে ফিরিয়ে আনার জন্য তাঁর অধিনায়কত্ব কেড়ে নেওয়ার দরকার নেই। রান করা ভুলে যাননি কুক।

কুক সেঞ্চুরি না পেলেও পেয়েছেন তাঁর সঙ্গে ১৫৮ রানের জুটি গড়া গ্যারি ব্যালান্স। লর্ডসে আগের টেস্টেও সেঞ্চুরি করা ব্যালান্স কাল প্রথম দিন শেষে অপরাজিত ১০৪ রানে। ২ উইকেটে ২৪৭ রান নিয়ে দিন শেষ করা ইংল্যান্ডও এগোচ্ছে প্রথম ইনিংসে বড় সংগ্রহের দিকে।

৯৫ রানের ইনিংসে কিছুটা ভাগ্যের সহায়তাও অবশ্য পেয়েছেন ইংলিশ অধিনায়ক। ১২তম ওভারে অভিষিক্ত ভারতীয় পেসার পঙ্কজ সিংয়ের বলে তৃতীয় স্লিপে ক্যাচ দিয়েছিলেন। সেটা ধরতে পারেননি জাদেজা। কুকের রান তখন মাত্র ১৫। পরে মিড অন থেকে সরাসরি থ্রোতে রানআউট করার সুযোগ নষ্ট করেছেন মোহাম্মদ সামিও। ততক্ষণে অবশ্য ৯ ইনিংস পর হাফ সেঞ্চুরিটা পেয়ে গেছেন কুক। শুরুর সেই ক্যাচ মিসের প্রায়শ্চিত্তই যেন জাদেজা করলেন পরে তাঁর উইকেটটি নিয়ে। তথ্যসূত্র: স্টার স্পোর্টস।