ঘাসে ঢাকা সবুজ উইকেট। আর সেই উইকেটেই ব্যাটিংয়ের আমন্ত্রণ। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে কঠিন পরীক্ষা দিতেই নামতে হলো ভারতকে। তাতে ভারত উত্তীর্ণ, না অনুত্তীর্ণ সেটির কোনো ইঙ্গিতও দিতে পারেনি প্রথম দিনের খেলা। প্রথম দিনে খেলাই যে হলো মাত্র ১৫ ওভার। এটুকুর মধ্যেই অবশ্য ২ উইকেট হারিয়ে বিরাট কোহলির দল তুলেছে ৫০ রান। শুরুটা অবশ্য বেশ খারাপই ছিল, ২ উইকেট পড়ে গিয়েছিল ১৪ রানে।
ভাগ্যের ছোঁয়া না পেলে কলম্বোর আকাশের মতো ভারতের বিপদটা আরও গাঢ় হতে পারত। অষ্টম ওভারের দ্বিতীয় বলে অভিষিক্ত উইকেটকিপার কুশল পেরেরা কোহলির দেওয়া ক্যাচটা তো নিতে পারেনইনি, উল্টো পেছনে রাখা তাঁর হেলমেটে বলটা আঘাত করায় ৫ রান জরিমানা দেন। টেস্টে কুশলের এটাই ছিল ক্যাচ নেওয়ার প্রথম সুযোগ।
এই উইকেটটি না পেলেও নিজের দ্বিতীয় ওভারেই অজিঙ্কা রাহানেকে এলবিডব্লু করে উইকেট নিয়েছেন পেসার নুয়ান প্রদীপ। এর আগে দিনের দ্বিতীয় বলেই আউট দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি পাওয়া লোকেশ রাহুল। প্রথম বলেই ২ রান নেওয়া ভারতীয় ওপেনার দ্বিতীয় বলটা দেখেশুনে ছেড়ে দিয়েছিলেন। কিন্তু ধাম্মিকা প্রসাদের ওই বলটি ভেতরে ঢুকে উড়িয়ে নিয়ে যায় বেল।
এরপর অধিনায়ক কোহলির সঙ্গে চেতেশ্বর পূজারার অবিচ্ছিন্ন ৩৬ রানে ভারতের রান ৫০ হতেই শুরু আকাশের কান্না। কুমার সাঙ্গাকারা-উত্তর যুগে টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার প্রথম দিনটার সমাপ্তি ওখানেই। ক্রিকইনফো, সনি সিক্স।