রাতটা কাল নির্ঘুমই কাটানোর কথা মঈন আলীর। অপরাজিত ৯৯ রানে দিন শেষ করে ঘুমানো যায়?
মঈনের কথা আগে বলা হলো বটে, তবে রাজকোট টেস্টের প্রথম দিনের নায়ক অবশ্যই জো রুট। তাঁর দুর্দান্ত এক সেঞ্চুরি আর মঈনের ফিফটিতে সিরিজের প্রথম দিনটা দারুণ গেল ইংল্যান্ডের। রুট-মঈনের দারুণ ব্যাটিংয়ে প্রথম দিনে ৪ উইকেট হারিয়ে ৩১১ রান করেছে সফরকারীরা।
কালই প্রথম টেস্ট খেলা হলো রাজকোটে, প্রথম টেস্ট খেললেন রাজকোটের ‘প্রায়’ ঘরের ছেলে হাসিব হামিদও। ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ ওপেনার হিসেবে অভিষেক হলেও হামিদের বাবা-মা দুজনই তো গুজরাটি। তবে শেকড়ে ফেরার দিনটা খুব একটা ভালো যায়নি হামিদের। রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লু হওয়ার আগে করেছেন মাত্র ৩১ রান। তবে উইকেটে যতক্ষণ ছিলেন মনে হলো, অ্যালিস্টার কুকের যোগ্য সঙ্গী পেয়ে গেল ইংল্যান্ড। তবে কুক, হামিদ ও ৪-এ নামা বেন ডাকেট আউট হয়ে গেলেন মধ্যাহ্নবিরতির আগে।
তারপরই দিনের সেরা সময়টা কাটিয়েছে ইংল্যান্ড। রুট ও মঈন আলী মিলে চতুর্থ উইকেটে যোগ করেছেন ১৭৯ রান। এক প্রান্তে দারুণ সব শট খেলেছেন রুট। দুর্দান্ত সব কভার ড্রাইভ, লেগ গ্ল্যান্সে বাংলাদেশে কাটানো দুঃসময়টাই যেন ভুললেন রুট। পেয়ে গেলেন ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি। অন্য প্রান্তে মঈনও করলেন সময়োপযোগী ব্যাটিং। এ দুজনের দারুণ ব্যাটিংয়ে কোণঠাসা হয়ে পড়ল ভারতীয় বোলিং। এমন দুর্দান্ত খেলেছেন এ দুজন, প্রশ্নই উঠে গেল ইংল্যান্ডের বিপক্ষে স্পিনবান্ধব উইকেট না বানিয়ে ভারত ভুল করল কি না! দুজন মিলে যখন দিন পার করে দেবেন বলেই ভাবছিল সবাই, তখনই দিনের সবচেয়ে বাজে শটটি খেললেন রুট। উমেশ যাদবের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে আউট হয়ে গেলেন রুট।
রুট ফিরলেও পথ হারায়নি ইংল্যান্ড ইনিংস। বেন স্টোকসকে সঙ্গী করে দিনের বাকি ১২ ওভার কাটিয়ে দিয়েছেন মঈন, যোগ করেছেন আরও ৩০টি রান। সূত্র: স্টার স্পোর্টস।
স্কোরকার্ড
টস: ইংল্যান্ড
ইংল্যান্ড প্রথম ইনিংস
রান বল ৪ ৬
কুক এলবিডব্লু ব জাদেজা ২১ ৪৭ ২ ০
হামিদ এলবিডব্লু ব অশ্বিন ৩১ ৮২ ৬ ০
রুট ক ও ব যাদব ১২৪ ১৮০ ১১ ১
ডাকেট ক রাহানে ব অশ্বিন ১৩ ১৭ ৩ ০
মঈন ব্যাটিং ৯৯ ১৯২ ৯ ০
স্টোকস ব্যাটিং ১৯ ৪১ ২ ১
অতিরিক্ত (বা ১, লেবা ২, নো ১) ৪
মোট (৯৩ ওভারে, ৪ উইকেটে) ৩১১
উইকেট পতন: ১-৪৭, ২-৭৬, ৩-১০২, ৪-২৮১।
বোলিং: শামি ১২.১-২-৩১-০, যাদব ১৮.৫-১-৬৮-১, অশ্বিন ৩১-৩-১০৮-২, জাদেজা ২১-২-৫৯-১ (নো ১), মিশ্র ১০-১-৪২-০।