প্রথম দিনটা লঙ্কানদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক শতে এক শ—কথাটা আক্ষরিক না হয়ে ভাবার্থে প্রয়োগ হলেই বেশি খুশি হতেন কার্ল মুম্বা।
গতকালই শ্রীলঙ্কার বিপক্ষে হারারেতে শুরু হয়েছে জিম্বাবুয়ের শততম টেস্ট, তাতে দেশটির শততম টেস্ট খেলোয়াড় হিসেবে অভিষেক হলো মুম্বার। কিন্তু প্রায়োগিক অর্থে আর এক শতে এক শ হওয়া হলো না ২১ বছর বয়সী পেসারের, অন্তত প্রথম দিনে নয়। সারা দিনে হাত ঘুরিয়েছেন ১৫ ওভার, তাতে উইকেটের দেখা পেলেন না।
অবশ্য শুধু মুম্বার কী দোষ! ক্রেমার (৩ উইকেট) আর ওয়ালার (১ উইকেট) ছাড়া জিম্বাবুয়ের আর কোন বোলারই বা সফল হয়েছেন? ব্যাটিং-বান্ধব উইকেটে প্রথম দিনে দাপট ছিল লঙ্কান ব্যাটসম্যানদেরই, ৪ উইকেটে তাদের ৩১৭ রান।
দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও কুশল সিলভা করেছেন হাফ সেঞ্চুরি। তিনে নামা কুশল পেরেরা আর ‘হাফে’ই থামেননি, সেঞ্চুরি পূর্ণ করেছেন। এই টেস্টেই শ্রীলঙ্কার অধিনায়কত্ব পাওয়া রঙ্গনা হেরাথ ব্যাটিং উইকেটে টস জেতার পর মনে মনে যা চাইছিলেন, করুনারত্নে-সিলভা-পেরেরারা ঠিক সেটিই এনে দিলেন—বড় জুটি। উদ্বোধনী জুটিটাই হলো ১২৩ রানের, পরের দুটি ৭৫ ও ৮৪ রানের। তবে এর মধ্যেও আক্ষেপ যা, সেটা সিলভার। আর ৬ রান হলেই যে তাঁরও সেঞ্চুরি হয়ে যায়!
এই টেস্ট আরও কয়েকজনের জন্য স্মরণীয়। হেরাথের অধিনায়কত্বের কথা তো বলাই হলো, এটি জিম্বাবুয়ের নতুন কোচ হিথ স্ট্রিকেরও প্রথম ম্যাচ। নিজে ছিলেন বোলার, প্রথম দিনটায় নিজের বোলারদেরই নিপীড়িত হতে দেখলেন স্ট্রিক। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩১৭/৪ (করুনারত্নে ৫৬, সিলভা ৯৪, পেরেরা ১১০, মেন্ডিস ৩৪, থারাঙ্গা ১৩*, ধনঞ্জয়া ১০*; পোফু ০/৬২, মুম্বা ০/৬৫, তিরিপানো ০/৩৭, ক্রেমার ৩/৮২, মাসাকাদজা ০/২২, উইলিয়ামস ০/২৪, ওয়ালার ১/২৫)