প্রথম দিনটি ভারতের নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঈন-রুটের জুটিতে চেন্নাই টেস্টের প্রথম দিনটি ইংল্যান্ডের। ছবি: এএফপি
মঈন-রুটের জুটিতে চেন্নাই টেস্টের প্রথম দিনটি ইংল্যান্ডের। ছবি: এএফপি

ইশান্ত শর্মা আর রবীন্দ্র জাদেজার গোছানো বোলিংয়ে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। দিনের শেষ ভাগে আবার আঘাত হানেন জাদেজা। তবে দিনটি ভারতের হওয়ার জন্য এগুলো কিছু যথেষ্ট ছিল না। ৪ উইকেটে ২৮৪ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে সফরকারীরা। চেন্নাই টেস্টের প্রথম দিনটি ইংল্যান্ডেরই।

চিদাম্বরম স্টেডিয়ামে ষষ্ঠ ওভারেই উচ্ছ্বাসে ভাসে স্বাগতিক দর্শকেরা। টানা অফ স্টাম্পের বাইরে বল করে যেতে পারার পুরস্কার পান পেসার ইশান্ত শর্মা। উইকেটের পেছনে পার্থিব প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কিটন জেনিংস। মুম্বাইয়ে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া ইংল্যান্ডের এই ব্যাটসম্যান।
ত্রয়োদশ ওভারে জাদেজার বলে কোহলির দুর্দান্ত এক ক্যাচে ফিরে যান অ্যালিস্টার কুক। মাত্র ১০ রানই করতে পারেন ইংল্যান্ড অধিনায়ক। তবে এর মধ্যেই একটি রেকর্ড নিজের করে নিয়েছেন। টেস্টে ১১ হাজার রানের মাইলফলক ছোঁয়ার জন্য ২ রানের অপেক্ষা নিয়ে ব্যাট করতে নেমেছিলেন। সময়ের হিসেবে দ্রুততম ১১ হাজার রান এখন তাঁরই। এই কীর্তি গড়তে কুক সময় নিয়েছেন ১০ বছর ২৯০ দিন। এর আগে রেকর্ডটি ছিল কুমার সাঙ্গাকারার। ২০১৪ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ১১ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান। ১৩ বছর ১২২ দিন সময় লেগেছিল তাঁর।
জেনিংস-কুক চলে যাওয়ার পর ইংল্যান্ডের ইনিংসের হাল ধরেন এই সিরিজে দারুণ ফর্মে থাকা জো রুট ও মঈন আলি। তৃতীয় উইকেটে ১৪৬ রানের জুটি গড়ে রুট আউট হয়ে ফেরেন চা-বিরতির আগে। ১৪৪ বলে ৮৮ রান করে আউট হওয়া এই ব্যাটসম্যান এক বর্ষপঞ্জিতে এই নিয়ে ১৪৭১ রান করলেন। দ্বিতীয় ইনিংসে ১১ রান করতে পারলেই মাইকেল ভনকে ছাড়িয়ে হয়ে যাবেন এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ রান করা ইংলিশ ব্যাটসম্যান। ভন ১৪৮১ রান করেছিলেন ২০০২ সালে।
শেষ সেশনে পানি বিরতির পর জনি বেয়ারস্টোকেও তুলে নেন জাদেজা। তবে মঈন আর বেন স্টোকস দিনের বাকিটা সময় পার করে দেন নির্বিঘ্নে। ১২০ রান নিয়ে ব্যাট করছেন মঈন। বেয়ারস্টোর রান ৫। ৭৩ রানে ৩ উইকেট নিয়েছেন জাদেজা।

সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ৯০ ওভারে ২৮৪/৪ (কুক ১০, জেনিংস ১, রুট ৮৮, মঈন ১২০*, বেয়ারস্টো ৪৯, স্টোকস ৫*; জাদেজা ৩/৭৩, ইশান্ত ১/২৫)।