প্রথম দিনে দুই সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাবের পুরোনো নাম গাজী ট্যাংক ক্রিকেটার্স। গত ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপাজয়ী দলটিই নাম বদলে হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। শচীন টেন্ডুলকার এসে যে নতুন ক্লাবের লোগোও উন্মোচন করে গেছেন। অথচ নাম বদলের প্রক্রিয়াটা পুরোপুরি শেষ হয়নি বলে ক্লাবটি আগের নামেই খেলছে এবং পারফরম্যান্সও আছে আগের মতোই। কাল উদ্বোধনী দিনে ওল্ড ডিওএইচএসকে ২৪৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে একেবারে চ্যাম্পিয়নের মতোই শুরু করল গাজী ট্যাংক। মিরপুর স্টেডিয়ামে ১০৩ বলে ১৪১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন কাউন্টিতে খেলা গাজী ট্যাংকের পাকিস্তানি ব্যাটসম্যান আশার জাইদি।
শুরুতেই হোঁচট খেয়েছে শেখ জামাল। ফতুল্লায় রোশন সিলভার সেঞ্চুরিতে ধানমন্ডির এই ক্লাবটিকে হারিয়ে দিয়েছে পারটেক্স এসসি। বিকেএসপিতে প্রাইম দোলেশ্বর ১৩৯ রানে হারিয়েছে কলাবাগানকে।
মিরপুর স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩৫৭ রান করে গাজী ট্যাংক। রানের পাহাড় গড়ায় সবচেয়ে বড় কৃতিত্ব জাইদির। চার নম্বরে ব্যাট করতে নেমে ৪৫তম ওভারে আউট হওয়ার আগে চার মেরেছেন ১৮টি, ছক্কা ৫টি। ৯১ বলে ৭৮ করেছেন উদ্বোধনী ব্যাটসম্যান জহুরুল ইসলাম। শেষ ১০ ওভারে উঠেছে ১১০ রান। জবাবে ধুঁকতে ধুঁকতে এগোনো ওল্ড ডিওএইচএসের শেষ হয়ে গেছে ৮ ওভারের বেশি বাকি থাকতে। দুই অঙ্ক ছুঁতে পেরেছেন মাত্র চারজন, সর্বোচ্চ ২৬ এহসানুল হকের। ২০ রানে ৩ উইকেট নিয়ে গাজীর সেরা বোলার অধিনায়ক অলক কাপালি।
ফতুল্লায় শেখ জামাল আর পারটেক্সের ম্যাচটা অবশ্য শেষের দিকে বেশ জমে উঠেছিল। টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২০০ রান করে পারটেক্স। দলের অর্ধেকের বেশি রানই এসেছে রোশন সিলভার ব্যাট থেকে। শ্রীলঙ্কান এই ব্যাটসম্যান অপরাজিত ছিলেন ১৩৮ বলে ১১১ রান করে। তাড়া করতে নেমে অধিনায়ক তুষার ইমরান শেখ জামালকে জয়ের স্বপ্নই দেখাচ্ছিলেন। ৭২ রানে তুষার আউট হয়ে যাওয়ার পরও হাতে ৬ উইকেট নিয়ে ৬৯ বলে ৬২ রান প্রয়োজন ছিল শেখ জামালের। শেষ ৫ ওভারে ৩২। কিন্তু দ্রুত ৪টি উইকেট হারিয়ে পথ হারিয়ে ফেলে জামালও।
বিকেএসপিতে প্রাইম দোলেশ্বরের ৮ উইকেটে ২৭৩ রানে বড় অবদান মেহেদী মারুফ (৩৬ বলে ৫৫) ও আসিফ আহমেদের (৬৮ বলে ৬৩)। শেষের দিকে ৩৬ বলে ৪১ রান করেছেন ইলিয়াস সানি। পরে বোলিংয়েও ২২ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম দোলেশ্বর: ৫০ ওভারে ২৭৩/৮ (মারুফ ৫৫, রনি ৪৫, আসিফ ৬৩, ইলিয়াস সানি ৪১; রবিউল ১/৬৭, মাহবুবুল ১/৩৯, নাসুম ১/৪২, তাসামুল ১/১৫, তাপস ১/২৩, রাব্বী ৩/১৮)
কলাবাগান: ৩৮.৪ ওভারে ১৩৪ (শামসুর ৫২, নাসুম ৩১; দেলওয়ার ১/২২, ইলিয়াস সানি ৩/২২, হাবিবুর ২/৩০, সানজামুল ১/২৪, আসিফ ২/১০, মুক্তার ১/২৫)
ফল: দোলেশ্বর ১৩৯ রানে জয়ী
পারটেক্স: ৫০ ওভারে ২০০/৮ (সিলভা ১১১*, আরমান ৪০; মেহেদি ৩/৪১, আরাফাত সানি ২/৩১, তুষার ১/১, ডসন ২/৩৪)
শেখ জামাল: ৫০ ওভারে ১৮৯/৮ (তুষার ৭২, ডসন ৩৪; আজিম ৩/৪৩, মাসুম ৩/২৩, সালেহ ১/১৬, মামুন ১/১৭)
ফল: পারটেক্স ১১ রানে জয়ী
গাজী ট্যাংক: ৫০ ওভারে ৩৫৭/৬ (জহরুল ৭৮, জাইদি ১৪১, মিলন ২৭, আবুল হাসান ৩৫; জায়েদ ২/৭৪, নেহাদুজ্জামান ১/৬৭, জয়সুরিয়া ২/৬৬, রুবেল মিয়া ১/৪৭)
ওল্ড ডিওএইচএস: ৪১.৫ ওভারে ১১০ (এহসানুল ২৬; শহীদ ২/১৪, জাইদি ১/৯, শরীফ ২/৯, মোশাররফ ১/১৩, নাইম জুনিয়র ১/৩০, কাপালি ৩/২০)
ফল: গাজী ট্যাংক ২৪৭ রানে জয়ী