৯ সংখ্যাটির প্রেমেই কি পড়ে গেলেন বিরাট কোহলি? কানপুর টেস্টের দুই ইনিংসে ৯ ও ১৮ রান করেছিলেন ভারত অধিনায়ক। কাল ইডেন টেস্টের প্রথম ইনিংসেও ভারত অধিনায়ক আউট হলেন ঠিক ৯ রানে। কোহলির এমন ব্যর্থ দিনে ভালো করেনি ঘরের মাঠে ২৫০তম টেস্ট খেলতে নামা ভারতও। প্রথম দিন শেষে ৭ উইকেট হারিয়ে মাত্র ২৩৯ রান করেছে স্বাগতিক দল।
দিনের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড। পরশুই জ্বরে পড়েন অধিনায়ক কেন উইলিয়ামসন। কাল ম্যাচের আগে জানা গেল, মাঠে নামা হচ্ছে না তাঁর। কিন্তু অধিনায়ককে ছাড়াই মাঠে দারুণ চনমনে দেখাল সফরকারীদের। গৌতম গম্ভীরকে আবারও একাদশে জায়গা না দেওয়ার সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে দ্বিতীয় ওভারেই আউট শিখর ধাওয়ান। একটু পর মুরালি বিজয়ও ওপেনিং সঙ্গীকে অনুসরণ করে ফিরলেন ড্রেসিংরুমে। দুজনই ম্যাট হেনরির শিকার।
অন্য প্রান্তে দুর্দান্ত বোলিং করেও উইকেট পাচ্ছিলেন না ট্রেন্ট বোল্ট। দ্বিতীয় স্পেলে বল করতে এসেই দুঃখ ঘোচে তাঁর। নিউজিল্যান্ডের পাতা ফাঁদে পা দিয়ে অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করে আউট হলেন কোহলি। এরপরই দিনের সেরা সময়টি পার করেছে ভারত। চতুর্থ উইকেট জুটিতে চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানে যোগ করেন ১৪১ রান। কিন্তু দুজনই বড় ধীরগতিতে রান তুলেছেন। ৩১ ওভারের দ্বিতীয় সেশনে কোনো উইকেট না পড়লেও উঠেছে মাত্র ৭৯ রান!
শেষ সেশনেই ম্যাচে ফিরে আসে নিউজিল্যান্ড। পূজারাকে ফিরিয়ে শুরুটা করেন নিল ওয়াগনার, দলের রান তখন ১৮৭। ১৩ রান পরেই ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হলেন রাহানে। তাঁকে ফিরিয়েছেন সাড়ে তিন বছর পর টেস্ট খেলতে নামা জিতান প্যাটেল। এর আগে রোহিত শর্মাকেও আউট করেছেন প্যাটেল। দিনের শেষ ভাগে হেনরির তৃতীয় শিকার হয়ে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন। আজ ভারতকে বড় স্কোর এনে দেওয়ার দায়িত্ব থাকবে কানপুর টেস্টে দুই ইনিংসেই দারুণ ব্যাট করা রবীন্দ্র জাদেজার কাঁধে।
টস
ইডেন টেস্টসহ এশিয়ায় শেষ ১৪টি টেস্টে টস হারেনি স্বাগতিক দল