পর্দার আড়ালে আর মাইক্রোফোন থেকে মুখ সরিয়ে অনেক হাসি-কৌতুক-মজা, অনেক কথাই হয় ধারাভাষ্যকক্ষে। কাল দিনের খেলা শেষে বিশ্লেষণ চলছিল স্টার স্পোর্টসে। স্কোরকার্ড দেখিয়ে সঞ্জয় মাঞ্জরেকার বললেন, ‘আমাদের নিজেদের কথোপকথনের একটি গোপন তথ্য আপনাদের জানিয়ে রাখি। ম্যাথু হেইডেন ফিফটিকে কোনো রানই মনে করেন না!’ পাশে থেকে হেইডেনের সংযোজন, ‘টেস্টে ফিফটি আসলে কিছুই না। একটা মাইলফলক হলো, ব্যাট-ট্যাট তুললেন, কিন্তু দলের কোন উপকারটা হলো! রান হলো সেঞ্চুরি, বড় সেঞ্চুরি!’
ফিফটি নিয়ে গবেষণার কারণ, অস্ট্রেলিয়ার স্কোরকার্ডে তিন-তিনটি ফিফটি। কিন্তু সেঞ্চুরি নেই। টেস্টে ফিফটি আসলে কী? বলা যায়, ফিফটি হলো অর্ধেক গ্লাস পানি। কেউ বলতে পারেন অর্ধেক ভরা, কারও কাছে অর্ধেক খালি! ফিফটিও তেমন, বলা যাচ্ছে না যে রান পাননি। কিন্তু সেই রান কতটা কার্যকরী? ফিফটি মানে তাই অসমাপ্ত গল্প। কাল অস্ট্রেলিয়ার ইনিংসটি যেমন। আদতে, কালকের পুরো দিনটিই!
ক্রিস রজার্স ও শেন ওয়াটসন ফিফটি পেলেন। একাদশে নড়বড়ে দুই ব্যাটসম্যানের তাতে আরও একটি টেস্ট খেলা নিশ্চিত হলো। কিন্তু নিজেদের নিরাপদ করার পরই ফিরে গেছেন দলকে বিপদে ফেলে। দিন শেষে অস্ট্রেলিয়া ৫ উইকেটে ২৫৯। দুই দলের জন্যই দিনটি খুব খারাপ নয়, তবে আরও ভালো হতে পারত। প্রথম দিনে ৫ উইকেট নিতে পেরে আর রানটাকে আড়াই শতে রাখতে পেরে একটু বেশি খুশি হওয়ার কথা ভারত অধিনায়কেরই। তবে আজ সকালে একটি বড় জুটিতে আবার লাগাম পুরোপুরি নিতে পারে অস্ট্রেলিয়া। দুই দলের এই দোলাচলের মাঝে দাঁড়িয়ে স্টিভেন স্মিথ। তাঁর ফিফটিকেও হয়তো অসমাপ্ত গল্পে আটকে রাখতে চাইবে ভারত। অস্ট্রেলিয়ান অধিনায়ক চাইবেন অপরাজিত ৭২ রানের ইনিংসটাকে বড় সেঞ্চুরির পরিণতি দিতে।
প্রথম সকালের উইকেটে যতটা সিম মুভমেন্ট থাকবে বলে ধারণা করা হয়েছিল, ঠিক ততটা পাওয়া যায়নি। ‘ড্রপ ইন’ উইকেট এখন মেলবোর্নেও। তবে অ্যাডিলেডের মতো ব্যাটিং-স্বর্গ নয়, ব্রিসবেনের মত বাউন্স এতটা সমান নয়। প্রথম দিনেই বল একটু থেমে এসেছে ব্যাটে। দুদলেই দুটি করে পরিবর্তন, দুটিতেই অদ্ভুত মিল। একজন পেসারকে বসিয়ে দুদলই নামিয়েছেন প্রথম টেস্টে খেলা আরেক পেসারকে। দুদলেই অভিষিক্ত হয়েছেন একজন ব্যাটসম্যান, ব্যাট করছেন যিনি ৬ নম্বরে। ভারত প্রথম বাজিটা জিতে যায় সাতসকালেই। ম্যাচের দ্বিতীয় ওভারেই উমেশ যাদবের বাড়তি বাউন্সে স্লিপে ক্যাচ ডেভিড ওয়ার্নার। শুধু একটি উইকেট নয় এটি, ওয়ার্নার ঘণ্টা খানেক উইকেটে থাকা মানেই যে ‘মোমেন্টামও’ হাতছাড়া!
উদ্দীপ্ত দুই ভারতীয় পেসার দারুণ বোলিং করেছেন নতুন বলে। রজার্স ও ওয়াটসন ধীরে ধীরে আলগা করেন ফাঁস। দ্বিতীয় উইকেটে দুজন গড়েন ১১৫ রানের জুটি। পয়া ভেন্যুতে আরেকটি ফিফটি পেয়েছেন ওয়াটসন। কিন্তু আউট হয়েছেন অযথাই অশ্বিনকে সুইপ করতে গিয়ে। কুমার ধর্মসেনার সিদ্ধান্তটি অবশ্য ছিল সংশয়পূর্ণ। এর আগের ওভারেই আলগা শটে কটবিহাইন্ড হয়ে ফিরেছেন রজার্স। থিতু হওয়ার পর সামিকে উইকেট উপহার দিয়েছেন শন মার্শ। অভিষিক্ত বার্নসের শুরুটা আশা জাগানিয়া, কিন্তু পুল করতে গিয়ে তিনিও বিলিয়ে এসেছেন উইকেট। স্মিথকে অবশ্য ছুঁতে পারেনি এসব কিছুই। ব্যাটে অবিশ্বাস্য রানের জোয়ার চলছেই। ৭২ রানের ইনিংসটির পথে ছুঁয়েছেন এ বছর হাজার রান। সতীর্থ রজার্সের মতে, ‘ভাবতেও ভয় লাগে স্মিথ কতটা ভালো!’
স্মিথ কতটা ‘ভয়ংকর সুন্দর’, এই সিরিজে তা ভালোই টের পাচ্ছে ভারত! স্টার স্পোর্টস, ক্রিকইনফো।