প্রথম দিনেই চাপে খুলনা
ফতুল্লার সবুজ উইকেট দেখে পরশু তুষার ইমরানের ভবিষ্যদ্বাণী, ‘খেলা আড়াই দিনে শেষ হয়ে যেতে পারে!’ জাতীয় লিগের শেষ রাউন্ডের খুলনা-ঢাকা মহানগরের খেলা দেখে মনে হচ্ছে তুষারের কথা ফলেও যেতে পারে! ফতুল্লায় প্রথম দিনে উইকেট পড়েছে ১৩টি। প্রথম ইনিংসে ২০৭ রানে অলআউট হয়েছে শিরোপার লড়াইয়ে এগিয়ে থাকা খুলনা।
পেসার ডলার মাহমুদের তোপে ১৮ রানে ফিরে যান খুলনার দুই ওপেনার। ধাক্কাটা সামলায় তুষার ও এনামুল হকের দ্বিতীয় উইকেটে ৫১ রানের জুটি। আবু হায়দারের শিকার তুষার ফেরেন ২৪ রানে। তবু খুলনা স্বচ্ছন্দেই এগোচ্ছিল চতুর্থ উইকেটে এনামুল-মিঠুনের ৭২ রানের জুটিতে। তখন আবারও ডলারের আঘাত। ৬৬ রানে শেষ ৭ উইকেট হারিয়েছে খুলনা। প্রথম ইনিংসে মহানগরের রান ৩ উইকেটে ৩৭। ১১০ ওভারের মধ্যে খুলনাকে অলআউট করে ৩টি বোলিং বোনাস পয়েন্ট পেয়েছে প্রথম স্তরে অবনমনের শঙ্কায় পড়া মহানগর। ব্যাটিং থেকে খুলনা কোনো পয়েন্ট পায়নি।
বগুড়ায় রাজশাহী-রংপুরের ম্যাচেও বোলারদের দাপট। ২ রানে ২ উইকেট হারিয়ে ফেলে রাজশাহী। ফরহাদ হোসেন, জহুরুল ইসলাম ও মাইশুকুর রহমানের ব্যাটে যা একটু স্বপ্ন দেখছিল তারা, সেটিও কেড়ে নেন মোহাম্মদ সাদ্দাম। রংপুর পেসার একাই ধসিয়ে দিয়েছেন রাজশাহীর মিডল অর্ডার। জহুরুলের দল প্রথম ইনিংসে অলআউট ১৯১ রানে। ব্যাটিংয়ে রংপুরের শুরুটাও ভালো হয়নি, ৪ উইকেটে ৮৯ রান নিয়ে দিন শেষ করেছে তারা। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে ফেরা জাতীয় দলের পেসার শফিউল ইসলাম ৩৪ রানে নিয়েছেন ২ উইকেট।
সিলেটে দেখা গেছে ব্যাটসম্যানদের দাপট। জাতীয় লিগে সাইফ হাসানের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে বরিশালের বিপক্ষে প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে ঢাকা বিভাগ। অথচ দিনের প্রথম বলেই ওপেনার রনি তালুকদারকে হারায় ঢাকা। সাইফের সেঞ্চুরি, জাহিদুজ্জামান ও তাইবুর রহমানের ফিফটিতে ঢাকার রান ৩ উইকেটে ৩০০।
চট্টগ্রামে ছড়ি ঘুরিয়েছেন ব্যাটসম্যানরাই। ইমতিয়াজ হোসেনের সেঞ্চুরি আর রাজিন সালেহ ও অলক কাপালির ফিফটিতে চট্টগ্রামের বিপক্ষে সিলেটের রান ৪ উইকেটে ৩০৯।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা বিভাগ-বরিশাল বিভাগ, সিলেট
ঢাকা বিভাগ ১ম ইনিংস: ৯০ ওভারে ৩০০/৩ (সাইফ ১৩১*, তাইবুর ৭০*, জাহিদুজ্জামান ৫৭; তৌহিদুল ২/৪৫)।
খুলনা বিভাগ-ঢাকা মহানগর, ফতুল্লা
খুলনা ১ম ইনিংস: ৬১.৪ ওভারে ২০৭ (এনামুল ৬২, মিঠুন ৩৬, রাজ্জাক ৩৪* ; ডলার ৫/৫৩, হায়দার ২/৪৪)। ঢাকা মহানগর ১ম ইনিংস: ১১ ওভারে ৩৭/৩ (শামসুর ১৪*; জিয়া ১/৩)।
রাজশাহী-রংপুর, বগুড়া
রাজশাহী ১ম ইনিংস: ৫৪.২ ওভারে ১৯১ (ফরহাদ হোসেন ৫৯, মাইশুকুর ৩২; সাদ্দাম ৫/৫৭, আরিফুল ২/৩৭, সাজেদুল ২/৪৬)। রংপুর ১ম ইনিংস: ২৬.৩ ওভারে ৮৯/৪ (লিটন ৪১*, নাঈম ২৬; ফরহাদ রেজা ২/৩২, শফিউল ২/৩৪)।
চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম
সিলেট বিভাগ ১ম ইনিংস: ৯১ ওভারে ৩০৯/৪ (ইমতিয়াজ ১৩৪, রাজিন ৫৮, অলক ৫৬*, জাকের ৩৭*; নাঈম ২/১০৮)।