প্রথম পর্বের আলোচিত পাঁচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাশরাফির ৫৬*
চিটাগং ভাইকিংসের ১৭৬ রানের জবাবে ৫৪ রান তুলতেই ৩ উইকেট নেই। ধরে নেওয়া হয়েছিল ‘ভিক্টরি’ থেকে দূরেই সরে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। কিন্তু উইকেটে এসে হিসাব পাল্টে দিলেন মাশরাফি বিন মুর্তজা। ৫ নম্বরে উইকেটে এসে ৩২ বলে অপরাজিত ৫৬ করে দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন অধিনায়ক!
আল আমিনের হ্যাটট্রিক
টি-টোয়েন্টিতে ১০৮ কি খুব বড় লক্ষ্য? মোটেও না। তারপরও গ্রুপ পর্বে এই রান নিয়ে সিলেট সুপারস্টারসের বিপক্ষে ১ রানে জিতেছে বরিশাল বুলস। এর কৃতিত্ব আল আমিন হোসেনের। দলকে জেতাতে ৪ ওভারে ৩৬ রানে নিয়েছেন ৫ উইকেট। যার মধ্যে আছে হ্যাটট্রিকও—বিপিএলের চলতি আসরের প্রথম হ্যাটট্রিক।
অনাকাঙ্ক্ষিত
টস শুরুর কথা দেড়টায়, ম্যাচ ২টায়। কিন্তু টস হলো ২৬ মিনিট পরে, আর ম্যাচ শুরু ৩-১০ মিনিটে! সুশৃঙ্খল ক্রিকেটের প্রতিশ্রুতি দিয়ে শুরু বিপিএলে চিটাগং ভাইকিংস-সিলেট সুপারস্টারস ম্যাচটি ফ্র্যাঞ্চাইজি ও গভর্নিং কাউন্সিল কর্মকর্তাদের অক্রিকেটীয় কাণ্ডকারখানা আর গা-জোয়ারি মনোভাবে ‘বিশৃঙ্খলার’ প্রতীক হয়েই থাকল।

.
.

সাকিব-কাণ্ড
সুদূর মার্কিন মুলুক থেকে উড়ে এসে ব্যাটে-বলে স্বরূপে দেখা দিতে খুব বেশি সময় নেননি। কিন্তু বিশ্বসেরা অলরাউন্ডারের সেই কীর্তিতে কালির ছোপ ফেলেছে মাঠে অখেলোয়াড়সুলভ আচরণ। সিলেটের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় তাঁর সঙ্গে এমনই আপত্তিকর আচরণ করেছেন যে, এক ম্যাচ বহিষ্কৃত হতে হয়েছে সাকিব আল হাসানকে, সঙ্গে গুনতে হয়েছে ২০ হাজার টাকা জরিমানাও।
সবার ওপরে তামিম
চলতি বিপিএলে সবচেয়ে বেশি রান কার? সবচেয়ে বেশি ফিফটি করেছেন কে? দুটি প্রশ্নেরই উত্তর এক—তামিম ইকবাল। ৪ ইনিংসে ৩৮.৫০ গড়ে ১৫৪ রান করেছেন। দুটি ফিফটি করা একমাত্র ব্যাটসম্যানও চিটাগং ভাইকিংস অধিনায়ক।