প্রথম প্রস্তুতি ম্যাচে মিরাজদের বড় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন—ফাইল ছবি।
সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন—ফাইল ছবি।

কদিন আগেই তিন ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ যুবদল। আজ জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও একই ছন্দ ধরে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়েকে ৬৩ রানে হারিয়েছেন মিরাজরা।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৮৪ করে টসজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গত নভেম্বরে ভারত সফরের তিক্ত অভিজ্ঞতা ভুলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই রানে ফিরেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সর্বোচ্চ রান করা নাজমুল হোসেন। ২৭ জানুয়ারি বিশ্বকাপ শুরু হওয়ার আগে ব্যাটটাকে আরও ভালোভাবে ঝালিয়ে নিলেন নাজমুল। খেললেন ১০২ রানের ঝলমলে ইনিংস। নাজমুলের দিনে রান পেয়েছেন পিনাক ঘোষও। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে এক ইনিংস সর্বোচ্চ (১৫০) রান করা পিনাক করেছেন ৪৩। তবে বাংলাদেশের বড় রান গড়ার পেছনে সবচেয়ে বড় অবদান নাজমুল-মেহেদী হাসান মিরাজের ৮০ রানের চতুর্থ উইকেট জুটি। অধিনায়ক মিরাজ করেছেন ৩৩। জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে ৬৭ রানে ৫ উইকেট নিয়েছেন পেসার উইলিয়াম মাশিঙ্গে।
বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৫০ ওভারে জিম্বাবুয়ে করতে পেরেছে ৭ উইকেটে ২২১। জিম্বাবুয়ের রায়ান মারে খেলেছেন ১২৩ রানের ইনিংস। বাংলাদেশের আট বোলারের মধ্যে সফলতম পেসার আবদুল হালিম, ৪৬ রানে নিয়েছেন ২ উইকেট।
বিশ্বকাপের আগে একই মাঠে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের শেষ প্রস্তুতি ম্যাচটি পরশু, প্রতিপক্ষ ইংল্যান্ড।