প্রথম প্রেমের কাছে ফিরছেন কোহলি

ভালোবাসার সফল পরিণতি দেখিয়ে দিয়েছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। ১১ ডিসেম্বর ইতালিতে গাঁটছড়া বেঁধে দিল্লি ও মুম্বাইয়ে দুটি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেছেন নবপরিণীত দম্পতি। ২৪ ঘণ্টা পার হতেই কোহলিকে অবশ্য ফিরতে হচ্ছে তাঁর প্রথম প্রেমের কাছে, ক্রিকেটে। ভারতীয় অধিনায়কের এবারের মিশন দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়।
দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনো সিরিজ জেতেনি ভারত। ভারতীয় টিভি চ্যানেলগুলোর ‘২৫ বছরের পুরোনো হিসাব’ শিরোনামের বিজ্ঞাপন দেখলেই বোঝা যায় সিরিজটা তাঁদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। তবে ভারতীয়দের আশা জোগাবে কোহলির ফেরা। ভারতীয় অধিনায়ক দাবি করেছেন ক্রিকেট তাঁর রক্তে মিশে আছে। গত রাতে দেশ ছাড়ার আগে সংবাদমাধ্যমকে কোহলি বলেছেন, ‘ক্রিকেটে ফিরে আশা মোটেই কঠিন কিছু নয়। আমি খুবই বিশেষ একটা কারণে ক্রিকেটের বাইরে ছিলাম। কিন্তু এই দলের আর সবার মতোই ক্রিকেট আমার রক্তে মিশে আছে।’
বিয়ের ডামাডোলের মাঝেও নাকি নিজেকে ফিট রেখেছেন কোহলি। মনের গহিনে সব সময়ই ক্রিকেট নিয়ে ভেবেছেন বলে জানিয়েছেন, ‘পেশাদার পর্যায়ে ফিরে আসাটাও কঠিন নয়। এমন তো নয় যে গত এক সপ্তাহ ধরে আমি কিছুই করিনি। আমি দক্ষিণ আফ্রিকার জন্য প্রস্তুতি নিয়েছি। আপনি জানেন, বড় কিছু অপেক্ষা করছে। আপনি মানসিকভাবে তৈরি হচ্ছেন।’ ক্রিকেট ভালোবাসেন বলেই ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তেও দল নিয়েই ভেবেছেন কোহলি।
৫ জানুয়ারি থেকে কেপটাউনে শুরু হচ্ছে প্রথম টেস্ট। ফাফ ডু প্লেসির দলের বিপক্ষে অগ্নিপরীক্ষা দিতে হবে কোহলি-রোহিতদের। কোচ রবি শাস্ত্রী তো ঘোষণা দিয়েছেন, বিদেশের মাটিতে সিরিজ দিয়েই ভারতীয় দলকে বিচার করা হবে। তবে নিজেদের চ্যালেঞ্জটা ভালোই জানেন কোহলি, ‘আমরা ভারতের বাইরে খুব একটা ভালো খেলিনি। শ্রীলঙ্কায় সফর করেছি, কিন্তু ওখানকার কন্ডিশন তো আমাদের মতোই। আমরা সম্পূর্ণ ভিন্ন একটা পরিবেশের কথা বলছি, এটা আমরা বুঝি এবং আমরা তৈরি।’
আনুশকাকে ভালোবেসেছেন কোহলি। অনেক চড়াই-উতরাই পেরিয়ে এই দুজন এখন মিস্টার ও মিসেস কোহলি। কিন্তু যাঁর রক্তে ক্রিকেট, তাঁর প্রথম ভালোবাসাও তো ক্রিকেট। প্রথম প্রেমের কাছে ফিরেই কোহলিকে বসতে হচ্ছে বড় পরীক্ষার সামনে।