প্রথম বল থেকেই জয়ের জন্য খেলত ক্লার্ক

অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক ইয়ান চ্যাপেল উত্তরসূরি মাইকেল ক্লার্ককে নিয়ে বিশেষ কলাম লিখেছেন ইএসপিএনক্রিকইনফোতে
ক্লার্ক ছিল এক অসাধারণ অধিনায়ক। যেমন আক্রমণাত্মক, তেমনি কৌশলী। তার হাতে ছিল মুগ্ধতা জাগানো সব শট, চাপের মুখে সে ছিল অসম্ভব দৃঢ়। দলের পাশাপাশি ক্লার্কের ব্যাটে লাগাম পরিয়ে ইংল্যান্ড এবারের অ্যাশেজে অস্ট্রেলিয়াকে অধিনায়কত্বের সুবিধাটা নিতে দেয়নি। এবার দুবার যখন প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া জ্বলে উঠেছিল, তখন ক্লার্ক ওর কল্পনাশক্তিকে কাজে লাগিয়েই ম্যাচে অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে।
কৌশলগত দিক দিয়ে অস্ট্রেলিয়ার সাম্প্রতিক অধিনায়কদের মধ্যে মার্ক টেলরের পরেই মাইকেল ক্লার্ককে রাখব আমি। টেলরের মতোই ক্লার্কও ম্যাচের প্রথম বল থেকেই প্রতিপক্ষ ও সতীর্থদের বুঝিয়ে দিত যে জয়ের জন্যই সে খেলছে। এটাই সবচেয়ে কাঙ্ক্ষিত, এতে যেমন দলের সেরা খেলোয়াড়েরা উদ্দীপ্ত হয়, তেমনি প্রতিপক্ষ অধিনায়কদের মনেও ভয় সঞ্চারিত হয়।
নিজের কাজটা ভালোই বুঝত ক্লার্ক। জয়ের পাশাপাশি যতটা সম্ভব বিনোদনও জোগাত। ও ছিল সাহসী অধিনায়ক। প্রতিপক্ষকে প্রলুব্ধ করে জয়টা ঠিকই বের করে আনতে জানত। ইনিংস ঘোষণা করার চেয়ে সেটা স্বাভাবিকভাবে শেষ হতে দেওয়াটাই বেশির ভাগ অধিনায়কের পছন্দ। টেলর প্রতিপক্ষকে ধরাশায়ী করতে পছন্দ করলেও ক্লার্ক ছিল ব্যতিক্রম। ও জয়ের আশায় প্রতিপক্ষকে লোভের ফাঁদে ফেলত। শুধু একজন নির্ভীক অধিনায়কের পক্ষেই চ্যালেঞ্জিং একটা ইনিংস ঘোষণা করা সম্ভব। কারণ প্রায়ই এতে হিতে বিপরীতও হওয়ার আশঙ্কা থাকে। কিন্তু ঝুঁকিটা নিতে ক্লার্ক পুরোপুরি প্রস্তুত থাকত। টেলরের চেয়ে ক্লার্ক পিছিয়ে কেবল মাঠের বাইরের অধিনায়কত্বেই।
মাঠের বাইরে দলের সঙ্গে ক্লার্কের দূরত্ব নিয়ে গুঞ্জন আছে। কিন্তু ফিলিপ হিউজের ঘটনায় ও দেখিয়ে দিয়েছে নেতৃত্বের আসল অবয়ব। অনেকবারই ক্লার্ক ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। কাঁধে নেতৃত্বের চাপ নিয়েই ক্যারিয়ারের সবচেয়ে সোনালি সময়টা পার করেছে ক্লার্ক। ২০১২ সালে তিনটি ডাবল ও একটি ট্রিপল সেঞ্চুরি করে ও বুঝিয়ে দিয়েছে নেতৃত্বের চাপ কীভাবে ওর ব্যাটটাকে চওড়া করে দেয়।
আমার চোখে ক্লার্কের সেরা ইনিংস ছিল অধিনায়ক হওয়ার আগে ২০০৯ সালে লর্ডসে খেলা ১৩৬ রানের ইনিংসটি। সেই ম্যাচে পরাজয়ের মুখে দাঁড়িয়েও অ্যান্ড্রু ফ্লিনটফ ও জেমস অ্যান্ডারসনের ক্রমাগত আক্রমণের জবাব দিয়ে গেছে ক্লার্ক। সাহসিকতায় এগিয়ে রাখব ২০১৩-১৪ মৌসুমে নিউল্যান্ডসের সেঞ্চুরিটাকে, যেখানে ও মরনে মরকেলের বাউন্সারে ক্ষতবিক্ষত হয়েও লড়াই চালিয়ে গেছে। ওর মানের একজন ব্যাটসম্যানের শরীরে কীভাবে এতবার বাউন্সার ছোবল দিতে পারে? কারণটা বোধ হয় ওর পিঠের চোট, যা ওর দীর্ঘ ক্যারিয়ারকে অনেকবারই ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। ক্লার্কের ব্যাটিং নিয়ে আরেকটি কৌতূহলোদ্দীপক ব্যাপার হলো, একটু ওপরে ব্যাট করার অনীহা। পছন্দের ৫ নম্বরে ওর ব্যাট করার জেদটা ছিল প্রায় সংস্কারের মতো। স্টিভেন স্মিথের জন্য মাইকেল ক্লার্ক হয়তো একটা অ্যাশেজজয়ী দল রেখে যাচ্ছে না, কিন্তু অন্তত ওভালের লড়াইটা সফল পুনর্গঠনের কাজে লাগবে।