প্রথম বাংলাদেশি হিসেবে দ্বিতীয় হ্যাটট্রিক শরীফের

>
- প্রথম বাংলাদেশি হিসেবে লিস্ট ‘এ’তে দ্বিতীয় হ্যাটট্রিক করলেন শরীফ।
ভোররাতের ঝড়-বৃষ্টির প্রভাবে ৩৩ ওভারে নেমে আসে গাজী গ্রুপ ও লিজেন্ডস অব রূপগঞ্জের ম্যাচ। এমনিতেই জমজমাট ম্যাচের অপেক্ষা ছিল। সেটা আরও দুর্দান্তভাবে জমিয়ে দিলেন মোহাম্মদ শরীফ। লিস্ট ‘এ’তে নিজের দ্বিতীয় হ্যাটট্রিকের পর ক্যারিয়ারসেরা বোলিং করেছেন এই পেসার।
বিকেএসপিতে তৃতীয় ওভারে টানা দুই বলে আবদুল্লাহ আল মামুন ও মুমিনুল হককে আউট করে গাজী গ্রুপকে প্রথম ধাক্কাটা দেন জাতীয় দলের বাইরে থাকা পেসার মোহাম্মদ শহীদ। আরেক পেসার মোহাম্মদ শরীফ প্রথম উইকেটটি পান ইমরুল কায়েসকে ফিরিয়ে। তবে আসল নাটক হয়েছে শেষ ওভারে।
৩৩ ওভারের ম্যাচে গাজী গ্রুপ শেষ ওভারটা শুরু করেছিল ৭ উইকেটে ১৮৬ রান নিয়ে। শরীফের করা প্রথম বলে চার মেরে রানটাকে ১৯০-এ নিয়ে যান রাজিবুল ইসলাম। দ্বিতীয় বলে রাজীবকে ফিরিয়ে শরীফ প্রতিশোধ তো নিলেনই, পরের দুই বলে নাদিফ চৌধুরী ও রুহেল আহমেদকে ফিরিয়ে পেয়ে যান হ্যাটট্রিকও। ৬.৪-০-৩৩-৬, লিস্ট ‘এ’ ক্যারিয়ারে শরীফের এটা সেরা বোলিংও। রূপগঞ্জ রানটা পেরিয়ে যায় ৫ বল ও ৫ উইকেট হাতে রেখে।
এর আগে ২০১৬ সালে গাজী গ্রুপের হয়েই লিস্ট ‘এ’তে প্রথম হ্যাটট্রিক করেছিলেন শরীফ।