প্রথম বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের ম্যাচ কবে, কোথায়, কার বিপক্ষে

বাংলাদেশের মেয়েদের ক্রিকেট দল এবার প্রথম ওয়ানডে বিশ্বকাপ খেলবেফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট দল। ছয় শহর। ৩১ দিন। ৩১ ম্যাচ। এক শিরোপা!

আগামী মার্চে নিউজিল্যান্ডে হতে যাওয়া মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের সংক্ষিপ্ত বিবরণ এটিই। বাংলাদেশের জন্য এবারের বিশ্বকাপ বেশি আকর্ষণ জাগাবে—কারণ, এবারই প্রথম বাংলাদেশের মেয়েরা ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে।

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কখন, কোথায়, কার বিপক্ষে—সেটি জানা গেল আজ। বিশ্বকাপের সূচি আজ ঘোষণা করেছে আইসিসি।

২০২২ সালের ৪ মার্চ তাউরাঙ্গার বে ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। প্রথম তিন দিনেই ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলকে মুখোমুখি হতে দেখা যাবে। ৫ মার্চ হ্যামিল্টনের সেডন পার্কে ইংল্যান্ড মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার, তার পরের দিন তাউরাঙ্গায় লড়বে ভারত-পাকিস্তান।

বিশ্বকাপ বাছাইপর্বে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ
ফাইল ছবি

অকল্যান্ড, ক্রাইস্টচার্চ, ডানেডিন, হ্যামিল্টন, তাউরাঙ্গা, ওয়েলিংটন—এই ছয় শহরে হবে বিশ্বকাপের ম্যাচ। টুর্নামেন্টে অংশ নেওয়া আট দলের মধ্যে নিউজিল্যান্ড তো স্বাগতিক হিসেবে সরাসরি খেলার সুযোগ পেয়েছেই; অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা আর ভারতও সরাসরি সুযোগ পেয়েছে ২০১৭-২০ সালের মধ্যে আইসিসির মেয়েদের চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় ওপরের দিকে থাকায়।

বাংলাদেশ আর অন্য দুই দল পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ বাছাইপর্ব খেলতে নেমেছিল। কিন্তু করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন ছড়িয়ে পড়ায় জিম্বাবুয়ের মাটিতে চলতে থাকা সেই বাছাইপর্বের ম্যাচ বাতিল হয়ে যায়। পরে মেয়েদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের হিসাবে বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সুযোগ পেয়েছে বিশ্বকাপে।

মেয়েদের বিশ্বকাপের পূর্ণ সূচি
ছবি: আইসিসির ওয়েবসাইট

টুর্নামেন্টের প্রথম রাউন্ড হবে লিগ পদ্ধতিতে, সেখানে প্রতিটি দল অন্য সব দলের বিপক্ষে একবার করে খেলবে। লিগ পর্বের শেষে সেরা চার দল যাবে সেমিফাইনালে। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ৩০ মার্চ হবে প্রথম সেমিফাইনাল। দ্বিতীয় সেমিফাইনাল হবে পরের দিন, ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে। ফাইনাল ৩ এপ্রিল। লিগ পর্বের জন্য না থাকলেও দুই সেমিফাইনাল আর ফাইনালের জন্য এক দিন করে ‘রিজার্ভ ডে’ রাখা হয়েছে।

২০২০ সালের মার্চে করোনা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার পর এই বিশ্বকাপই হচ্ছে মেয়েদের ক্রিকেটের প্রথম কোনো বৈশ্বিক টুর্নামেন্ট। মেয়েদের ক্রিকেটে সর্বশেষ বৈশ্বিক টুর্নামেন্ট ছিল ২০২০ সালের মার্চেই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ।