প্রথম ম্যাচ রংপুর-চট্টগ্রাম
সামনে জিম্বাবুয়ে সিরিজ। অথচ আমেজ যেন বিপিএলের! রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিপিএল তৃতীয় আসরের লোগো উন্মোচন হয়ে গেল কাল সকালে। লোগোতে খুব একটা নতুনত্ব নেই। যোগ হয়েছে কেবল স্পনসরের নাম।
রাতে জানিয়ে দেওয়া হলো টুর্নামেন্টের বিস্তারিত সূচিও। অবশ্য সূচির অনেক কিছু জানা ছিল আগেই। যেমন ২০ নভেম্বর হবে উদ্বোধনী অনুষ্ঠান, খেলা শুরু ২২ নভেম্বর। নতুন বলতে ম্যাচের সূচি। খেলা হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে। প্রতিদিন ম্যাচ হবে দুটি করে। প্রথম ম্যাচ শুরু বেলা ২টায়, পরেরটি ৬টা ৪৫ মিনিটে। ফাইনালসহ মোট ম্যাচ হবে ৩৪টি।
২২ নভেম্বর মিরপুরে প্রথম ম্যাচে মুখোমুখি রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস। পরের ম্যাচে ঢাকা ডাইনামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ানস। ২২ থেকে ২৭ নভেম্বর প্রথম ১২টি ম্যাচে হবে মিরপুরে। দুই দিনের বিরতির পর ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পরের আটটি ম্যাচ হবে চট্টগ্রামের এমএ আজিজে। আবার দুই দিনের বিরতি দিয়ে বিপিএল ফিরবে মিরপুরে। যেটির শেষ ১৫ ডিসেম্বর ফাইনাল দিয়ে।