প্রথম ম্যাচে অনিশ্চিত ওয়ার্নার

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশন শুরু করছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তবে ম্যাচের আগেই চোট নিয়ে মাথা ঘামাতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। ইনজুরির কারণে আগামীকালের ম্যাচে ডেভিড ওয়ার্নারের খেলা এখন অনিশ্চয়তার মুখে।
অনুশীলনে ডান পায়ের মাংসপেশিতে বল লেগে আহত হয়েছিলেন ওয়ার্নার। গত সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচেও খেলতে পারেননি ইনজুরির জন্য। ইনজুরির সর্বশেষ অবস্থা বুঝতে গতকাল ফিটনেস টেস্টের মধ্য দিয়েও যেতে হয়েছে ওয়ার্নারকে। তাতে যে সন্তোষজনক ফলাফল আসেনি, সেটি পরিষ্কার জাস্টিন ল্যাঙ্গারের কথাতেই। ওয়ার্নার খেলবেন কি না, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি অস্ট্রেলিয়ার কোচ ল্যাঙ্গার।
বৃহস্পতিবার অনুশীলনের আগে ওয়ার্নারের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাতে গিয়ে ল্যাঙ্গার বলেছেন, ‘সে (ওয়ার্নার) খেলার জন্য মুখিয়ে আছে। বাকিদের মতো সেও খেলতে পারলে খুশিই হবে। বুধবারও ডান পায়ের মাংসপেশিতে কিছুটা ব্যথা অনুভব করেছে সে।’
আজ আরেকবার ফিটনেস টেস্ট করা হবে ওয়ার্নারের। এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে, আফগানিস্তানের বিপক্ষে তিনি খেলবেন কি না। তবে সিদ্ধান্ত যেটিই হোক, সেটি যে ম্যাচের আগের দিনই নিয়ে ফেলা হবে, সেটিও নিশ্চিত করেছেন ল্যাঙ্গার। ওয়ার্নারের জন্য অপেক্ষা করে দলের বাকি খেলোয়াড়দের অনিশ্চয়তার মধ্যে রাখতে চান না অস্ট্রেলিয়ার কোচ, ‘আমরা শনিবার সকাল পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য অপেক্ষা করব না। এতে করে অন্য খেলোয়াড়েরা দোলাচলে থাকবে যে তারা এই ম্যাচে খেলবে কি খেলবে না। আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। দলের জন্য সেটিই ভালো হবে। আশা করছি ম্যাচের আগের রাতেই আমরা ওয়ার্নারের ব্যাপারে সিদ্ধান্তে আসতে পারব।’
ওয়ার্নার খেলতে না পারলেও অবশ্য যোগ্য বিকল্প প্রস্তুতই আছে অস্ট্রেলিয়ার। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দুরন্ত ফর্মে আছেন আরেক ওপেনার উসমান খাজা। গত সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অধিনায়ক অ্যারন ফিঞ্চের সঙ্গে ইনিংস ওপেন করতে নেমে ৮৯ রানের ইনিংস খেলে খাজা বার্তা দিয়ে রেখেছেন, ওয়ার্নার না থাকলেও অস্ট্রেলিয়াকে খুব একটা দুশ্চিন্তা করতে হবে না।
এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গত মাসে জাতীয় দলে ফেরা ওয়ার্নার গত ক্রিকেট বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন। ৪৯.২৮ গড়ে ৩৪৫ রান করে অস্ট্রেলিয়ার পঞ্চম বিশ্বকাপ জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। কিছুদিন আগে শেষ হওয়া আইপিএলেও ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন এই বাঁহাতি। সব ম্যাচ না খেলেও ৬৯২ রান নিয়ে আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন ওয়ার্নার।
ওয়ার্নারের পাশাপাশি প্রথম ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তানকে নিয়েও কথা বলতে হয়েছে ল্যাঙ্গারকে। গত ক্রিকেট বিশ্বকাপেও মুখোমুখি হয়েছিল দুই দল। ওই ম্যাচে রেকর্ড ২৭৫ রানে জিতেছিল অস্ট্রেলিয়া। তবে অতীত রেকর্ড নিয়ে পড়ে না থেকে আফগানিস্তানকে সমীহের চোখেই দেখছেন ল্যাঙ্গার, ‘আফগানিস্তানকে আমরা সমীহ করছি। তারা যেভাবে ক্রিকেট খেলছে, সেটি দিয়েই আমাদের শ্রদ্ধা অর্জন করে নিয়েছে।’