প্রথম ম্যাচের ভুল থেকে প্রতিজ্ঞা

সকালে টিম মিটিংয়ে হওয়া আলোচনার সারমর্মটাই যেন বেরিয়ে এল সৌম্য সরকারের কথায়। দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুধুই একটি ম্যাচ ছিল না। এটিকে ঘিরে প্রত্যাশাও ছিল, শুরুতেই ভালো কিছু করার। যাতে সেটি গোটা সিরিজেই ভালো কিছু করার গতিপথ পেয়ে যায় বাংলাদেশ। বাজে একটা পরাজয়ে সেটি হলো না, আর কেন হলো না সেটিরই ময়নাতদন্ত করল টিম ম্যানেজমেন্ট। আজ দ্বিতীয় ওয়ানডেতে চেষ্টা থাকবে ভুল শুধরে প্রত্যাশার জায়গাটিকে ফিরে পাওয়ার। দলের প্রতিনিধি হয়ে সৌম্য কাল এসব নিয়েই বলছিলেন হোটেল সোনারগাঁওয়ের সম্মেলনকক্ষে।
কিন্তু কী সেই ভুল? কী ছিল পরিকল্পনা? প্রথম প্রশ্নের উত্তরটা অবশ্য সৌম্যের না বললেও চলত। কে না দেখেছে, ব্যাটসম্যানদের উইকেট বিসর্জন দেওয়ার প্রবণতার কারণেই এক শর আগে অলআউট বাংলাদেশ! সৌম্যও শুরুটা ওভাবেই করলেন, ‘আসলে ভুল কী ছিল, সেটা তো সবাই দেখেছে। বোলিং-ফিল্ডিংয়ে আমাদের পরিকল্পনা সফল হয়েছে। কিন্তু ব্যাটিংয়ে আমরা সফল হতে পারিনি।’
পরিকল্পনা ছিল প্রথম ৬ ওভারে অন্তত ৪০-৫০ রান তুলে পরের দিকের ব্যাটসম্যানদের মসৃণভাবে এগিয়ে যাওয়ার রাস্তা তৈরি করা। কিন্তু শুরুর দিকেই ২ উইকেট খুইয়ে ছন্দ হারিয়ে ফেলে বাংলাদেশের ব্যাটিং। সৌম্য অবশ্য আলাদা করে বললেন মুশফিকুর রহিমের আউটের কথা, ‘মুশফিক ভাই যখন আউট হয়ে গেলেন, তখনই চাপটা তৈরি হলো। ওদের বেশির ভাগ বোলারই তখন ভালো বল করতে থাকে।’
শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট এদিন বাংলাদেশের বিপক্ষে গেছে বলেই ধারণা অনেকের। আলোচনায় এসেছে এ বিষয়টাও। টিম ম্যানেজমেন্টের পর্যবেক্ষণ বলছে—দক্ষিণ আফ্রিকার ইনিংসের চেয়ে উইকেটে ব্যাটিং করাটা বেশি কঠিন হয়ে যায় বাংলাদেশের ইনিংসের সময়। বাংলাদেশ শিবির থেকে একটু টার্নিং উইকেট চাওয়া হলেও বাংলাদেশের ব্যাটিংয়ের সময় উইকেটে বল নিচু আর মন্থরও হয়েছে। বাংলাদেশের ব্যাটিংয়ে সমস্যা সৃষ্টি করেছে সেটাই।
আজকের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সে রকম উইকেট আর চায় না বাংলাদেশ দল। উইকেটে স্পিন ধরবে কিন্তু বল গড়িয়ে যাবে না, এটাই দলের চাওয়া। তাই বলে অবশ্য জয়-পরাজয়ের নির্ধারক তো শুধু উইকেটই নয়, সৌম্য যে কথাটা সবচেয়ে গুরুত্ব দিয়ে বললেন, সেটাই আসল। দ্বিতীয় টি-টোয়েন্টিতে সেই জায়গাটাতেই বেশি দৃষ্টি দিচ্ছে বাংলাদেশ দল, ‘সিরিজে ফেরার জন্য আমি পরিকল্পনা বাস্তবায়নের কথাই বলব। বারবার এটা বলছি, কারণ আমরা আমাদের পরিকল্পনায় সফল হতে পারিনি। আজ (গতকাল) এটাই আলোচনা হয়েছে যে, প্রত্যেককে প্রত্যেকের পরিকল্পনায় সফল হতে হবে।’
চলতি সিরিজের আগে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানকে হারায় বাংলাদেশ। ওই জয়ই কিন্তু টি-টোয়েন্টিতে বাংলাদেশের ভালো দল হয়ে ওঠার প্রামাণ্য নয়। বরং এই সংস্করণের ক্রিকেটই বাংলাদেশ দল খেলে সবচেয়ে কম, সাফল্যও পায় কম। ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলে সেটা যেন আরেকবার বুঝলেন সৌম্য, ‘টি-টোয়েন্টি খেলা কিন্তু মানসিকভাবে অনেক কঠিন। গায়ের শক্তির চেয়েও মানসিক শক্তটা বেশি লাগে। কী করলে কী হবে সে হিসাবটা ঠিকঠাক করতে হয়। সে জন্য টি-টোয়েন্টি যত বেশি খেলা যায়, ততই ভালো। আমাদের খেলা কম হচ্ছে। এ ধরনের ক্রিকেট আরেকটু বেশি খেলতে পারলে ভালো হয়।’
বাংলাদেশের তরুণ ব্যাটসম্যানদের মধ্যে আক্রমণাত্মক ব্যাটিংয়ের প্রতীক বলতে পারেন সৌম্যকে। উইকেটে যতক্ষণ থাকেন, বোঝাই যায় না আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর বয়স এক বছরও হয়নি। কিন্তু টি-টোয়েন্টিতে সেই সৌম্যও এখন নিজেকে প্রমাণের অপেক্ষায়। এ পর্যন্ত দুই ম্যাচে রান করেছেন মাত্র ৭ এবং এই ৭-ই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরশুর ম্যাচে। টি-টোয়েন্টিতে নিজেকে মেলে ধরতে না পারার অতৃপ্তিটা সবচেয়ে বেশি সৌম্যের মধ্যেই। সেই অতৃপ্তি থেকেই প্রতিজ্ঞা, ‘সেট হয়ে বারবার আউট হয়ে যাচ্ছি, এতে আমারই খারাপ হচ্ছে। তবে আমার চেয়ে বেশি খারাপ হচ্ছে দলের জন্য। সেটা নিয়েও তাই কাজ করছি।’