বাংলাদেশ ক্রিকেট লিগ, জাতীয় লিগ, বাংলাদেশ ‘এ’, বাংলাদেশ। ঘরোয়া ক্রিকেট থেকে আন্তর্জাতিক ক্রিকেট। রাজশাহী, উত্তরাঞ্চল হয়ে জাতীয় দল। ২০১৪ সালে যেখানেই যে দলে খেলেছেন, তাইজুল ইসলাম উইকেট পেয়েছেন। এ বছর ১৮টি প্রথম শ্রেণির ম্যাচে ৮৯ উইকেট পেয়েছেন এই বাঁহাতি স্পিনার। ২০১৪ সালে প্রথম শ্রেণির ক্রিকেট সারা বিশ্বেই সবচেয়ে বেশি উইকেটশিকারি তাইজুল। তাঁকে টপকে যাওয়ার সুযোগ ছিল গ্ল্যামরগন ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পেসার মাইকেল হোগানের। কিন্তু শেফিল্ড শিল্ডে বিরতি পড়ে যাওয়ায় হোগানকে থামতে হয়েছে ৮৮ উইকেটেই। ৮৪ উইকেট নিয়ে এরপরই আছেন ডার্বিশায়ারের বাঁহাতি ইংলিশ পেসার মার্ক ফুটিট। এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি প্রথম শ্রেণির উইকেট নেওয়ার তালিকায় তাইজুল-হোগানরা থাকবেন অনেক পেছনে। ১৮৮৮ সালে ৩৬৫ উইকেট নিয়ে সবার ওপরে অস্ট্রেলীয় পেসার চার্লস ‘টেরর’ টার্নার।