অবশেষে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ সেঞ্চুরির দেখা পেল। এবারের প্রিমিয়ার লিগের প্রথম সেঞ্চুরি ব্রাদার্স ইউনিয়নের ওপেনার মিজানুর রহমানের। আজ বিকেএসপির চার নম্বর মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে তিন অঙ্কে পৌঁছেছেন এবারের লিগে ব্রাদার্সের ব্যাটিংয়ের ভার একাই বয়ে চলা ২৯ বছর বয়সী এ ব্যাটসম্যান।
ব্রাদার্স-শেখ জামাল ম্যাচটি এ মুহূর্তে বৃষ্টিতে বন্ধ আছে। বৃষ্টির আগে মিজানুর ৬৫ বলে নিজের সেঞ্চুরি পূরণ করেন (১০০ করে অপরাজিত)। তিনি মেরেছেন ১৩টি বাউন্ডারি ও ৩ ছক্কা। খেলা থামার আগে ব্রাদার্সের সংগ্রহ ২ উইকেটে ১৩৩।
এখনো পর্যন্ত লিগে ব্রাদার্সের সেরা পারফরমার তিনিই। যেখানে অন্য কারও দুটির বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংস নেই, সেখানে মিজানুর একাই করেছেন ৪ ফিফটি। লিগের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৪০০ রানের মাইলফলকও স্পর্শ করেছেন তিনি।
নবম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি পেলেন মিজানুর। এর আগে সেঞ্চুরি করেছেন শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল, সাব্বির রহমান, এনামুল হক, তামিম ইকবাল, পারভেজ হোসেন, নাজমুল হোসেন ও মোহাম্মদ নাঈম।
এদের মধ্যে একাধিক সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন। তামিম করেছেন তিন সেঞ্চুরি। যেখানে একটি আবার আন্তর্জাতিক ক্রিকেটে (২০১৬ বিশ্বকাপে), অন্য দুইটি ঘরোয়া ক্রিকেটে। নাজমুলের দুটি সেঞ্চুরিই ঘরোয়া টি-টোয়েন্টিতে।