প্রথম সেশনে চোখ হার্মারদের

সাইমন হার্মারের নামের পাশে ৩ উইকেট। ডেল স্টেইনের নামের পাশেও তা-ই। ৩৯৯ উইকেট নিয়ে স্টেইন দাঁড়িয়ে টেস্ট ক্রিকেটের ‘ফোর হানড্রেড ক্লাবে’র দ্বারপ্রান্তে। তবু দিন শেষের সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকা দলের প্রতিনিধি স্টেইন নন, হার্মার।
আসলে স্টেইনের উইকেটগুলোর মধ্যে মুশফিকুর রহিমেরটাই যা একটু বলার মতো। দুই টেল এন্ডার তাইজুল আর মুস্তাফিজুরের উইকেট তো যে কেউই পেতে পারত! অন্যদিকে হার্মারের উইকেটগুলো দেখুন। আগের দিন মুমিনুলকে বোল্ড করার পর কাল সাকিব ও লিটনের গুরুত্বপূর্ণ উইকেট দুটিও তাঁর। সাকিবকে ফেরানো ব্রেক থ্রুটা তো ওই সময় ভীষণই জরুরি ছিল দক্ষিণ আফ্রিকার জন্য।
গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কেপটাউনে অভিষেক টেস্টে নিয়েছিলেন ৭ উইকেট। ভালো বোলিংয়ের ধারাবাহিকতাটা চট্টগ্রামে নিজের দ্বিতীয় টেস্টেও ধরে রেখেছেন। অনুমিতভাবেই তিন উইকেটের মধ্যে সাকিবেরটাই এগিয়ে রাখছেন হার্মার। তবে এই উইকেটে ভাগ্যের ছোঁয়া দেখছেন তিনিও, ‘বুঝতে পারছিলাম ও ফিফটি করতে চাচ্ছে। কাউ কর্নারে কোনো ফিল্ডার না থাকায় ওর দৃষ্টি সেদিকেই ছিল। খাটো লেংথের শর্ট বল দেখেই ব্যাকফুটে গিয়ে খেলল। কিন্তু অতটা শর্ট বল আসলে ছিল না ওটা। বল স্কিড করে দ্রুতই ওর দিকে চলে যায়।’
শর্ট মিড উইকেটে ডুমিনির ক্যাচ হওয়ার আগে ওই ওভারেই হার্মারকে একবার পুল করতে গিয়ে ক্যাচ তুলে বেঁচে গিয়েছিলেন সাকিব। সেটার প্রসঙ্গ টেনে দক্ষিণ আফ্রিকান অফ স্পিনার বলেছেন, ‘ওর ভাগ্য ভালো ছিল বলে বলটা তখন ফিল্ডারের হাতে পড়েনি। পরেরবার ভাগ্য ভালো ছিল আমার।’
তৃতীয় দিনটা বাংলাদেশের চেয়ে একটু পিছিয়ে থেকে শেষ করলেও হার্মার চট্টগ্রাম টেস্টে এখনো নিজেদের সম্ভাবনা দেখছেন। তবে তাঁর চোখ আপাতত আজকের প্রথম সেশনে, ‘কাল (আজ) সকালের প্রথম সেশনের দিকেই তাকিয়ে আমরা। বৃষ্টির ঝাপটা আর কম আলোর মধ্যেও দুই ওপেনার ডিন এলগার ও স্টিয়ান ফন জিল আজ (গতকাল) বিকেলটা বেশ ভালোভাবে কাটিয়ে দিয়েছে। এখন কালকের (আজ) প্রথম সেশনটাকেই হয়তো আমরা টার্গেট করব।’
টেস্ট র্যাঙ্কিংয়ের সেরা দলকে তৃতীয় দিন পর্যন্ত অস্বস্তিতে রাখাও র্যাঙ্কিংয়ের ৯ নম্বর দল হিসেবে অনেক বড় প্রাপ্তি বাংলাদেশের। বোলারদের পর হার্মার বাংলাদেশের ব্যাটসম্যানদেরও কৃতিত্ব দেখছেন এতে, ‘ওদের কয়েকজন খেলোয়াড় খুবই ভালো ব্যাট করেছে। আমাদের কোনো সুযোগই দেয়নি।’
ওয়ানডে সিরিজে হারার জ্বালাটা বাংলাদেশকে টেস্টে ধরাশায়ী করেই নিতে চায় দক্ষিণ আফ্রিকা। উল্টো তৃতীয় দিন শেষে টেস্টের ‘ফিফটি-ফিফটি’ পরিস্থিতি শঙ্কার মধ্যেই রেখেছে বিশ্বসেরাদের। হয়তো সে কারণেই হার্মার আগ বাড়িয়ে বড় কিছু বললেন না। এখনই জয়ের চিন্তা বাদ দিয়ে দক্ষিণ আফ্রিকা দল যেমন আগে নিজেদের নিরাপদ অবস্থানে নিতে চাচ্ছে, হার্মারের দর্শনও যেন সেটাই। আর কত রান হলে অন্তত হার এড়ানোটা নিশ্চিত করা যাবে, সেই প্রশ্নে তাই নির্দিষ্ট কোনো উত্তর নেই তাঁর। বারবার বললেন ওই একটা কথাই—চোখ তাঁদের চতুর্থ দিনের প্রথম সেশনে।