প্রথম সেশনে লড়াই করল বাংলাদেশ

জমে উঠেছিল নিল ওয়াগনারের সঙ্গে নাজমুল হোসেনের লড়াইফাইল ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ইনিংসে ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির সুইংয়ে অসহায় আত্মসমর্পণ করেছিল বাংলাদেশের টপ অর্ডার। তবে দ্বিতীয় ইনিংসে লড়াই করলেন তাঁরা। ভালো শুরুর পর অবশ্য ফিরেছেন সাদমান ইসলাম ও নাজমুল হোসেন। কাইল জেমিসনের বলে আলগা শটে সাদমান ফেরার পর নাজমুলকে শর্ট বলে ঘায়েল করেছেন নিল ওয়াগনার। ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে প্রথম সেশনে বাংলাদেশ হারিয়েছে এ ২ উইকেট, তুলেছে ৭৪ রান। উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ নাঈমের সঙ্গে অপরাজিত থেকে মধ্যাহ্নবিরতিতে গেছেন মুমিনুল হক। নাঈমের রান ১৫, মুমিনুল ব্যাটিং করছিলেন ২ রানে।

৩৯৫ রানে এগিয়ে থেকে বাংলাদেশকে অনুমিতভাবেই ফলো-অন করান কিউই অধিনায়ক টম ল্যাথাম। সর্বশেষ ৩ টেস্টের মাঝে এ নিয়ে দ্বিতীয়বার ফলো-অনে পড়ল বাংলাদেশ, সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিল তারা।

ইনিংসের প্রথম বলেই টিম সাউদিকে ডাউন দ্য লেগে চার মেরে শুরু করা সাদমান ছিলেন ইতিবাচকই। এরপর সাউদি ও জেমিসনকে কাভার ড্রাইভে দুটি চার মারেন। প্রথম ইনিংসের চেয়ে আগেভাগেই বোলিংয়ে প্রথম পরিবর্তন আনতে হয় ল্যাথামকে। দশম ওভারে আসেন কাইল জেমিসন, প্রথম ব্রেকথ্রুও দেন তিনি।

ভালো শুরু করলেও আলগা শটে ফেরেন সাদমান
ছবি: টুইটার

জেমিসনের লেগসাইডের বলে ফ্লিক করতে গিয়ে উইকেটের পেছনে ডানদিকে ঝাঁপিয়ে পড়া টম ব্লান্ডেলের দারুণ ক্যাচে পরিণত হন সাদমান। আউট হওয়ার আগপর্যন্ত বেশ দৃঢ় মনে হলেও আলগা শটে ৪৮ বলে ২১ রান করে ফিরতে হয় এ বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যানকে, ২৭ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

ইতিবাচক শুরু করেন নাজমুলও—মুখোমুখি হওয়া তৃতীয় বলে জেমিসনকে ফ্লিক করে মারেন চার । ৪ রানে দাঁড়িয়ে সে ওভারেই জীবনও পান তিনি। তৃতীয় স্লিপ থেকে ডানদিকে ঝাঁপ দিয়েছিলেন ড্যারিল মিচেল, তবে ক্যাচটা অনায়াস হতে পারত দ্বিতীয় স্লিপে থাকা ল্যাথামের জন্য।

জেমিসনকে আরেকটি চার মারার পর ওয়াগনারের ‘শর্ট বল থিওরি’র মুখোমুখি হতে হয় নাজমুলকে। দ্বৈরথটাও জমে ওঠে। প্রথমে রাউন্ড উইকেট থেকে আসা ওয়াগনারকে হুক করে ছয় মারেন নাজমুল, ঠিক পরের বলে মারেন চার। পরের ওভারে আবার ক্রিজের দুই পাশে ক্লোজ-ইন ফিল্ডার নিয়ে আসা ওয়াগনার শুরু করেন ওভার দ্য উইকেট থেকে। দারুণ টাইমিংয়ের পুলে নাজমুল মারেন চার। স্টাম্পের ওদিক থেকে আসা ওয়াগনারের পরের বলে মারেন আরেকটি।

বাংলাদেশকে অনুমিতভাবেই ফলো-অন করিয়েছে নিউজিল্যান্ড
ছবি: টুইটার

পরের ওভারে ফেরেন ওয়াগনার, একই ফিল্ড সেট-আপ নিয়ে। এবার রাউন্ড দ্য উইকেট থেকে করা শর্ট বলের ফাঁদে ধরা দেন নাজমুল। পুল করলেও সেটা যায় সরাসরি ডিপ ফাইন লেগে বোল্টের হাতে। ৩৬ বলে ২৯ রান করে ফিরতে হয় তাঁকে, বাংলাদেশ দ্বিতীয় উইকেট হারায় ৭১ রানে।

অন্যদিকে শুরুতে একটু নড়বড়ে থাকা নাঈম ধাতস্থ হতে একটু সময় নেন। বল ছাড়ার দিকে বেশি নজর ছিল তাঁর, সফলও হন। মুখোমুখি হওয়া ৬৩তম বলে প্রথম বাউন্ডারিটি মারেন এ বাঁহাতি—বোল্টকে কাভার দিয়ে। নামার পর শুরুতেই দুইবার জীবন পেয়েছেন মুমিনুল হকও। রান-আউটের হাত থেকে বেঁচেছেন প্রথম বলেই, মিড-অন থেকে সিঙ্গেল চুরি করতে গিয়ে। অনেকটা সময় পেলেও সরাসরি থ্রোয়ে স্টাম্প ভাঙতে ব্যর্থ হন মিচেল। এরপর শর্ট লেগে ক্যাচ তুলেছিলেন বাংলাদেশ অধিনায়ক, তবে ঠিক সময়মতো সাড়া দিতে পারেননি ফিল্ডার।