প্রথম ১০ ওভারের আক্ষেপ

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর দুই দেশের ক্রিকেট বোর্ড-প্রধানের হাতে হাত। শ্রীলঙ্কার থিলাঙ্গা সুমাথিপালার সঙ্গে বাংলাদেশের নাজমুল হাসান। মুখে আরোপিত হাসি। হাসিটা যেন সাম্যের প্রতীক। কেউ জেতেনি, কেউ হারেনি গোছের!
তবে সংবাদ সম্মেলনে দুই অধিনায়ককে কিন্তু এভাবে মেলানো যায়নি। শ্রীলঙ্কার অধিনায়ক উপুল থারাঙ্গাকে প্রথমেই পাওয়া গেল হাসিখুশি মেজাজে। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে তাঁর দল শেষ পর্যন্ত সিরিজটা ১-১ ড্র করতে পারল। আর সিরিজ জয়ের রঙিন স্বপ্ন বুনে শেষ পর্যন্ত ড্র করে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা হতাশ। দুজন সেটি অপ্রকাশ্যও রাখেননি। থারাঙ্গা পরিষ্কারই বললেন, ‘অবশ্যই এটি বেশ তৃপ্তিদায়ক, আমরা শেষ পর্যন্ত সিরিজটা হারিনি।’ শেষে এসে ড্রেসিংরুম লাগোয়া সংবাদ সম্মেলনকক্ষে মাশরাফিও একেবারেই অকপট, ‘জিততে পারলাম না বলে হতাশ।’
শ্রীলঙ্কা আসলে কোন জায়গাটায় ম্যাচটিকে নিয়ে গেল নিজেদের হাতের নাগালে? নতুন বলের দুই বোলারের বোলিংয়ে? থারাঙ্গার উত্তরটা হ্যাঁ-বোধক, ‘আসলেই আমাদের নতুন বলের দুই বোলার ভালো বোলিং করেছে। তবে ব্যাটিংয়ে আমাদের শুরুটাও কিন্তু ভালো হয়েছিল।’ মাশরাফি খুব সহজ ব্যাখ্যা দিয়েছেন, ‘আমাদের প্রথম ১০ ওভারের বোলিং এবং প্রথম ১০ ওভারের ব্যাটিংই গড়ে দিয়েছে ব্যবধান।’
যেকোনো ম্যাচেই টসটা শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ধরা দিতে পারে। তবে টস জিতলে থারাঙ্গাও বোলিং নিতেন, যদিও টস হারটা তাঁর দলের কাছে সৌভাগ্যই বয়ে এনেছে। উইকেটে একটু ঘাস ছিল, তার ওপর শ্রীলঙ্কায় আগের দুটি ম্যাচ খেলার অভিজ্ঞতা থেকে মাশরাফি দেখেছেন দিনের শেষ ভাগে উইকেট হয়ে পড়ে সহজ। বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘ঘাস দেখেই প্রথমত বোলিং নেওয়া, আর শেষ পর্যন্ত উইকেট সহজ হয়ে পড়ার ব্যাপারটি তো ছিলই। আমি খুব খুশি থাকতাম, যদি ওদের ২৬০ রানের মধ্যে আটকে রাখা যেত। সেটা আমরা পারিনি, কারণ প্রথম ১০ ওভারে আমরা অনেক রান দিয়ে ফেলেছি।’
মাঝখানে বাংলাদেশের বোলাররা রানের গতিতে রাশ টানলেও শেষ ১০ ওভারে আবারও সেটি বল্গাহীনভাবে ছুটেছে। থিসারা পেরেরার তোলা ঝড়ে শেষ ১০ ওভারে উঠেছে ৭৭ রান। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা তাই করে ফেলল ২৮০।
প্রথম চার ওভারের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেললে এত বড় রান তাড়া করাটা দুঃসাধ্য হয়ে ওঠে। তবে মাশরাফি চতুর্থ উইকেটে সাকিব-সৌম্যর ব্যাটিংয়ে একটু আশাবাদীই হয়ে উঠেছিলেন, ‘ওরা যেভাবে ব্যাট করছিল, তাতে আমাদের আশা কিন্তু ছিল। শেষ পর্যন্ত ওরাও পারল না। সাকিব আসলে ক্লান্ত হয়ে পড়েছিল, ওর পায়ে ক্র্যাম্পও হয়েছিল। শেষে মিরাজ ও তাসকিনের ব্যাটিংও কিন্তু দেখিয়েছে, আমরা রান তাড়া করতে পারতাম।’
তাহলে কি মূল ব্যাটসম্যানরাই মাশরাফির কাঠগড়ায় দাঁড়াচ্ছেন? এখানে আবার অধিনায়ক ব্যাটসম্যানদের ঢাল হয়ে দাঁড়ালেন, ‘ব্যাটসম্যানদের দায় দিলে তো চলবে না। আমরা যদি ওদের আরও কম রানে আটকে দিতে পারতাম, ওদের আত্মবিশ্বাস থাকত। আমরা বোলিংয়েও ভালো করিনি।’
একটু কি আত্মতুষ্টিও ভর করেছিল গোটা দলের মধ্যে? এ ম্যাচ হারলেও সিরিজ তো হারছি না, এমন মানসিকতা কি পেয়ে বসেছিল? মাশরাফির বিনয়ী ‘প্রতিবাদ’, ‘মোটেই তা নয়। আমরা জিততেই চেয়েছিলাম। আমাদের পরিকল্পনা কাজে লাগাতে পারিনি বলেই শেষ পর্যন্ত হারলাম।’
এই সিরিজটা জিততে পারলে বাংলাদেশ খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের পর একটি বড় শক্তির বিপক্ষে নিজেদের প্রমাণ করতে পারত। আরেকটু ‘বড়’ হয়ে উঠত দল। তা যে হলো না, এটি কতটা হতাশার? বাংলাদেশ অধিনায়ক হতাশার ব্যাপারটি লুকাননি, ‘হতাশার তো বটেই। যা চেয়েছিলাম, হলো না। তবে এখানেই তো সব শেষ হয়ে যাচ্ছে না। সামনে আরও সিরিজ আছে। এখানকার ভুলত্রুটিগুলো কাটাছেঁড়া করে আমরা নিশ্চয়ই আবারও জয়ের চেষ্টা করব। এই বিশ্বাস আমাদের মধ্যে এসেছে যে, আমরা চেষ্টা করলে পারব।’
টেস্ট সিরিজ ড্র হলো। জেতা হলো না ওয়ানডে সিরিজ। সামনে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এখন সেটিতে ভালো কিছু করতে চান মাশরাফি। সেটি ভবিষ্যতের কথা। বর্তমানে ফিরলে বাংলাদেশ অধিনায়ক আক্রান্ত জোড়া দুঃখে। ম্যাচ হারার কাটা ঘায়ে যে নুনের ছিটা দিয়েছে এক ম্যাচ নিষেধাজ্ঞার খবর।