প্রথম 'ফিফটি' পাকিস্তানের
সময় এখন সরফরাজ আহমেদের। টেস্টে পাকিস্তানের ভরসা হয়ে উঠেছেন, নতুন করে চেনাচ্ছেন ওয়ানডেতে। এবার রাঙালেন টি-টোয়েন্টিও। এই উইকেটকিপার ব্যাটসম্যানের অপরাজিত ৭৬ রানে পরশু প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই জয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম দল হিসেবে পঞ্চাশ জয়ের মাইলফলক ছুঁয়েছে পাকিস্তান। ৮৪ ম্যাচে ৫০ জয় পাকিস্তানের, ৭৩ ম্যাচে ৪৩ জয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকা। জয়ের হারে পাকিস্তানের (৬০.৭১) ওপরে আছে শ্রীলঙ্কা (৬৭ ম্যাচে ৪২ জয়, জয়ের হার ৬৪.৩৯)।
শিশিরের কারণে পরশু টস জিতে ফিল্ডিং নিয়েছিল পাকিস্তান। ইনিংসের শুরু আর শেষে দারুণ বোলিংয়ে পাক বোলাররা কিউইদের বেঁধে ফেলে ১৩৫ রানে। শুরুতে নিউজিল্যান্ডের রান ছিল ৩ উইকেটে ১৫, আর শেষ ৬ ওভারে তুলতে পারে মাত্র ৩৫ রান। মাঝে ৩৭ বলে ৪৮ করেন কোরি অ্যান্ডারসন, ২৮ বলে ৩৩ লুক রনকি। ওপেনিংয়ে ৩০ বলে ৩২ মার্টিন গাপটিল। সোহেল তানভির ও মোহাম্মদ ইরফান নেন দুটি করে উইকেট। আওয়াইস জিয়াকে (২০) নিয়ে উদ্বোধনী জুটিতেই ৫১ রান তোলেন সরফররাজ। পরে ১৪ বলে অপরাজিত ২৭ করেন উমর আকমল। ৬৪ বলে অপরাজিত ৭৬ রানে ম্যাচসেরা সরফরাজ।
তবে সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে কাল ১৭ রানে হেরে গেছে পাকিস্তান। নিউজিল্যান্ডের ১৪৪/৮ স্কোর তাড়া করতে এসে পাকিস্তান ১৮.৫ ওভারে ১২৭ রানে অলআউট। টেন ক্রিকেট, ক্রিকইনফো।