প্রদীপ নেভালেন ফিল্যান্ডার-রাবাদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ বলের মধ্যেই ১ রান দিয়ে ৪ উইকেট! নুয়ান প্রদীপের একটা বিধ্বংসী স্পেল দিনের শুরুতে শ্রীলঙ্কার আশার প্রদীপ জ্বালিয়ে দিয়েছিল। কিন্তু ভারনন ফিল্যান্ডার ও কাগিসো রাবাদা ছিলেন সেটি নিভিয়ে দেওয়ার জন্য! দক্ষিণ আফ্রিকার দুই পেসার দিনের শেষ দিকে গুঁড়িয়ে দিলেন লঙ্কান টপ অর্ডার। আলোকস্বল্পতায় জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনের খেলা কাল প্রায় ২৪ ওভার বাকি থাকতেই বন্ধ হয়েছে। তার আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৪২৬ রানের জবাবে লঙ্কানরা ৮০ রান করতেই হারিয়েছে ৪ উইকেট।
জেপি ডুমিনির পর হাশিম আমলার সেঞ্চুরিতে পরশু প্রথম দিনটা ছিল দক্ষিণ আফ্রিকার। দিন শেষে ৩ উইকেটে ৩৩৮ রান, নিজের শততম টেস্টে সেঞ্চুরি করে অপরাজিত আমলা—কাল রানটাকে পাহাড়ে চড়ানোর পরিকল্পনাই ছিল প্রোটিয়াদের। কিন্তু প্রথম সেশনেই তাতে ধাক্কা দিলেন প্রদীপ। তাঁর ৪ উইকেট, পাশাপাশি ম্যাথুসের একটি—প্রথম সেশনে মাত্র ৬০ রানে ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ৯৮ রানে শেষ ৭ উইকেট হারানো প্রোটিয়াদের হয়ে কাল বলার মতো রান করেছেন কুইন্টন ডি কক (৩৪) ও ওয়েইন পারনেল (২৩)।
প্রদীপের বোলিংয়ে যদি একটু আশান্বিত হয়েও থাকে লঙ্কানরা, সেটি হাওয়ায় মিলিয়ে গেছে রাবাদা-ফিল্যান্ডারের তোপে। দুজন মিলে ভাগাভাগি করে ফিরিয়ে দিয়েছেন লঙ্কান প্রথম চার ব্যাটসম্যানকে। মাঝে কুশল মেন্ডিসের ব্যাট (৪১ রান) দলকে যা একটু পথে ফেরানোর ইঙ্গিত দিয়েছিল। মেন্ডিস আউট হয়ে গেছেন, দায়িত্ব এখন অধিনায়ক ম্যাথুস ও চান্ডিমালের কাঁধে। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১২৪.১ ওভারে ৪২৬ (ডুমিনি ১৫৫, আমলা ১৩৪, ডি কক ৩৪; প্রদীপ ৪/৭৮, কুমারা ৪/১০৭)। শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৮.৪ ওভারে ৮০/৪ (মেন্ডিস ৪১, সিলভা ১৩, ম্যাথুস ১১*; ফিল্যান্ডার ২/২৩, রাবাদা ২/২৬)।