প্রধান নির্বাচক কী বলেন

আবদুর রাজ্জাক, আল আমিন ও সোহাগ গাজীকে আবারও উপেক্ষা করার কী কারণ? উত্তর দিচ্ছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ
আবদুর রাজ্জাক
এট বলা যাবে না যে রাজ্জাকের ক্যারিয়ার এখানেই শেষ। পুরো ব্যাপারটা নির্ভর করছে ফর্ম ও ফিটনেসের ওপর। আমরা মনে করি, ওর এখনো অনেক কিছু দেওয়ার আছে। এই মুহূর্তে রাজ্জাক বিবেচনায় আসছে না, কারণ টেস্ট, ওয়ানডে দুই ফরম্যাটেই ওর পরিবর্তে যারা এসেছে, তারা ভালো বল করছে। আবারও বলছি, রাজ্জাকের বয়স হয়ে গেছে বা ও আর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবে না, আমরা মোটেও সেভাবে ভাবছি না। পরিস্থিতি দাবি করলে এবং সে ফর্মে থাকলে আবারও তাকে ডাকা হবে।
আল আমিন
আল আমিনকে দলে নেওয়ার ব্যাপারে বিসিবি থেকে কোনো নিষেধাজ্ঞা নেই। কোনো ধরনের মৌখিক নির্দেশনাও দেওয়া হয়নি আমাদের। আমাদের কাছে মনে হয়েছে, ওর সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো নয়। সে যে কয়টা ম্যাচ খেলেছে, কোনোটাতেই খুব ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি। তবে আমরা আল আমিন, রবিউল ইসলামদের মতো বোলারদের ১৫ সদস্যের পেসারদের পুলে রাখছি। হাই পারফরম্যান্স ইউনিটের অধীনে এই পুল কাজ করবে।
সোহাগ গাজী
সোহাগ গাজী ভালো ব্যাটিং করছে। কিন্তু তার বোলিংটা ভালো হচ্ছে না। কেউ হয়তো দেখবে ও জাতীয় লিগে ২৭-২৮টা উইকেট পেয়েছে, তবে আমরা যখন মাঠে থেকে ওর খেলা দেখি, খুব ভালো বল করতে কিন্তু দেখি না। শোনা যায়, ওর মধ্যে কষ্ট করার মানসিকতাটাও নাকি একটু কম আছে। ভালো পারফরম্যান্সের জন্য এসব জিনিসও তো বদলানো প্রয়োজন।