প্রধানমন্ত্রী কলকাতা যাবেন, আমন্ত্রণটা সৌরভের বলেই

বাংলাদেশ ক্রিকেট দলের ভারত সফরে কলকাতায় টেস্ট খেলবে বাংলাদেশ। এই টেস্ট দেখার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান সৌরভ গাঙ্গুলী আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আজ গণভবনে তাঁর সংবাদ সম্মেলনে উঠল সে প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বলেছেন, ‘এটি প্রধানমন্ত্রী হিসেবে দাওয়াত নয়। বাঙালি ছেলে সৌরভের দাওয়াত। সৌরভের দাওয়াত বলেই আমি সেখানে যাব। উদ্বোধনী অনুষ্ঠানে থাকব। বিকেলে চলে আসব।’
বিসিসিআইয়ের প্রধান হওয়ার পর সৌরভের ফোন পান প্রধানমন্ত্রী। এটি আজ তিনি নিজেই জানিয়েছেন, ‘সৌরভ বাঙালি ছেলে। সে একসময় ক্রিকেটে খুব নাম করেছিল। এই প্রথম একজন বাঙালি হিসেবে বিসিসিআইয়ের প্রধান হলো। এরপর সে আমাকে ফোন করেছিল। আমাকে দাওয়াত দিল। বলল, আমি যেন ওখানে যাই এবং খেলার শুরুতে অন্তত থাকি। আমি রাজি হয়ে গেলাম।’
কলকাতা টেস্ট উপলক্ষে তিস্তা চুক্তি নিয়ে কোনো ‘ক্রিকেট কূটনীতি’ থাকবে কি না, এমন এক প্রশ্নের জবাবে কিছুটা রসিকতা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ক্রিকেটকে নদীর মধ্যে নিয়ে যাচ্ছেন কেন?’