প্রধানমন্ত্রীর অভিনন্দনে সিক্ত মুশফিকরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচসেরা সাকিবের মাথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহের হাত। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর বিসিবি সভাপতি নাজমুল হাসানের অফিসকক্ষে কাল কোচ চন্ডিকা হাথুরুসিংহে, অধিনায়ক মুশফিক, সহ-অধিনায়ক তামিমসহ পুরো দলের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী l ছবি: বিসিবি
ম্যাচসেরা সাকিবের মাথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহের হাত। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর বিসিবি সভাপতি নাজমুল হাসানের অফিসকক্ষে কাল কোচ চন্ডিকা হাথুরুসিংহে, অধিনায়ক মুশফিক, সহ-অধিনায়ক তামিমসহ পুরো দলের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী l ছবি: বিসিবি

তাঁর মাঠে যাওয়ার কথা ছিল গত পরশু। কিন্তু দিনের খেলা প্রায় শেষ হয়ে যাচ্ছিল বলে আর যাননি। অবশেষে কাল জয়ের কিছুক্ষণ আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হাজির প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রেসিডেন্ট বক্সে বসে সাক্ষী হলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলের প্রথম টেস্ট জয়ের ঐতিহাসিক মুহূর্তের।

জয়ের পর হাত নেড়ে, জাতীয় পতাকা দুলিয়ে সেখান থেকেই খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। পরে বিসিবি কার্যালয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসানের কক্ষে জাতীয় দলের খেলোয়াড়, কোচদের সঙ্গে কথা বলেছেন তিনি। সেখানে উপস্থিত এক বোর্ড পরিচালক জানিয়েছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেছেন, না জিতলেও তাঁর কোনো আফসোস থাকত না। ওরা ভালো খেলেছে, এটাই বড় কথা।’

খেলোয়াড়েরাও প্রধানমন্ত্রীর কথায় দারুণ উৎসাহিত। খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ সাকিব আল হাসানের কথা, ‘দলের জন্য এমন সমর্থনই দরকার। আমাদের এটা উৎসাহ দেয়। আমরা সবাই জানি, পুরো দেশ আমাদের সঙ্গে আছে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ের জন্য বাংলাদেশ দলের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের জন্য কালই ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বিসিবি। সঙ্গে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলার জন্য আরও ৪ কোটি টাকা দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া ৩ লাখ টাকা বোনাস দেওয়া হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্রাউন্ডসম্যানদেরও।