প্রধানমন্ত্রীর শুভকামনা পেয়ে...

মনের ভেতর ইচ্ছেটা শুধু ডানা ঝাপটাচ্ছিল। যদি সুযোগটা পাওয়া যেত...একটা সেলফিই তো! শেষ পর্যন্ত মনের কথাটা ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলকে বলেই ফেললেন এনামুল হক, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে যদি একটা সেলফি তুলতে পারতাম...।’
সুযোগ করে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাই। খেলোয়াড়দের সঙ্গে কথা বলার সময় কী মনে করে যেন এনামুলকে জিজ্ঞেস করলেন, ‘কী...বিশ্বকাপে ভালো খেলবে তো?’ এনামুল কিছু বলার আগেই সুযোগটা নিলেন হ্যালসল, ‘ও (এনামুল) আপনার সঙ্গে একটা সেলফি তুলতে চায়।’ প্রধানমন্ত্রী তাতে সায় দিতেই তাঁর পাশে দাঁড়িয়ে নিজের মুঠোফোনে সেলফি তুলে নিলেন এনামুল, যেটি সম্ভবত এ মুহূর্তে তাঁর কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ। কাল অনেক অনুরোধের পরও রাজি হলেন না ছবিটা পত্রিকায় ছাপাতে দিতে। বললেন, ‘আমি তো চাইলে ছবিটা ফেসবুকেও দিতে পারতাম। কিন্তু দিইনি। এটা আমার কাছেই থাকুক।’
প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলে নিজেকে ইতিহাসের পাতায় দেখতে পাচ্ছেন এনামুল। অহংকারী কণ্ঠে বললেন, ‘এটা সম্ভবত ইতিহাসে প্রথম...ওনার সঙ্গে এই প্রথম কেউ সেলফি তুলল। আমার সবচেয়ে ভালো লেগেছে উনি এককথায় রাজি হয়ে গেছেন। ব্যাপারটাকে ভালোভাবে নিয়েছেন।’ এই সেলফি যে শুধু এনামুলের স্মার্টফোনের অ্যালবামেই সেভ করা থাকবে তা নয়, এটা বিশ্বকাপেও তাঁকে জোগাবে সাহস, ‘সত্যি বলতে কি, আমার দারুণ লাগছে। ছবিটা তোলার পর মন থেকে যেন বিশ্বকাপ নিয়ে সব ভয়-ডর চলে গেছে।’
বিশ্বকাপগামী বাংলাদেশ দলকে শুভকামনা জানাতে পরশু রাতে দলের খেলোয়াড়-কর্মকর্তাদের গণভবনে নৈশভোজে আপ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে এনামুলের মতো এত বড় সৌভাগ্য আর কারও না হলেও বিশ্বকাপ-যাত্রার আগে প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় অন্য রকম অনুভূতিই হয়েছে সব খেলোয়াড়ের। তরুণ ক্রিকেটার সৌম্য সরকারের কথাই ধরুন। এ নিয়ে দ্বিতীয়বার শেখ হাসিনাকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বললেন, ‘জিম্বাবুয়ে সিরিজ শেষেও তাঁকে দেখেছি...প্রধানমন্ত্রী পুরস্কার দিতে এসেছিলেন। তবে এবার আমরা তাঁর কাছে গেলাম দোয়া চাইতে। প্রধানমন্ত্রীর মাধ্যমে দেশের ১৬ কোটি মানুষের কাছে দোয়া চাইলাম...এটা অন্য রকম অভিজ্ঞতা। উনি আমাদের যেভাবে অনুপ্রাণিত করলেন, সেটাও খুব ভালো লেগেছে।’
একই কথা মাহমুদউল্লাহরও, ‘ব্যক্তিগতভাবে আমার জন্য এটা বিশেষ একটা ঘটনা। বিশ্বকাপের আগে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পাওয়া অনেক প্রেরণাদায়ক। উনি আমাদের জন্য দেশের সবার কাছে দোয়া চেয়েছেন, এটা অনেক বড় ব্যাপার।’ অনুষ্ঠানে দলের হয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রধানমন্ত্রীর দোয়া চেয়েছেন তিনি। ‘আমি বলেছি, আমরা ম্যাচ জিতলে আপনার সঙ্গে দেখা করতে আসি। তখন আপনি আমাদের কিছু না কিছু দেন। আজ (গত পরশু) অন্য কিছু নয়, আমরা এসেছি আপনার দোয়া চাইতে’—কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে বলছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক।
বাংলাদেশ দলকে শুভকামনা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশন সম্পর্কেও তাঁর ভালোই ধারণা আছে। মাশরাফিই বলছিলেন, ‘ওখানকার উইকেট যে আমাদের জন্য কঠিন হবে, সেটা প্রধানমন্ত্রীও জানেন। উনি বলেছেন, “ওরা তো উইকেট বানাবে ওদের জন্য। তোমরা দেখেশুনে খেলো।” সাহস দিয়ে বলেছেন, খেলায় হার-জিত থাকেই। তার পরও আমরা যেন জেতার জন্য খেলি।’
গণভবন থেকে বাংলাদেশ দলের জন্য প্রধানমন্ত্রীর এই সমর্থন ছড়িয়ে পড়তে পারে বিশ্বকাপের মাঠেও। নিউজিল্যান্ডের দুটি ম্যাচে তো সে সম্ভাবনা খুবই প্রবল। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি-র কাছ থেকে যে এর মধ্যেই বিশ্বকাপ দেখার আমন্ত্রণ পেয়ে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী!