
ঢিলটা অর্জুনা রানাতুঙ্গা ছুড়েছেন আসলে কুমার সাঙ্গাকারাকে উদ্দেশ্য করে। সেটা আঘাত করেছে গম্ভীর-নেহরাদেরও। ২০১১ বিশ্বকাপের ফাইনালটা সাঙ্গাকারা-জয়াবর্ধনেরা যদি পাতিয়ে থাকেন তাহলে যে ভারতের সাফল্যে কালি লাগে! ভারতের কাছে শ্রীলঙ্কার হেরে যাওয়া সেই ম্যাচটি পাতানো ছিল বলে আঙুল তুলেছেন রানাতুঙ্গা। ১৯৯৬ বিশ্বকাপজয়ী সাবেক শ্রীলঙ্কান অধিনায়কের মন্তব্যে হতবাক গৌতম গম্ভীর এর সপক্ষে প্রমাণ দিতে বলেছেন।
সেই ম্যাচে শ্রীলঙ্কার অধিনায়ক সাঙ্গাকারা ৪৮ রান করে আউট হয়েছিলেন। তবে মাহেলা জয়াবর্ধনের অপরাজিত ১০৩ রানের ইনিংসের কল্যাণে ২৭৪ রান করেছিল শ্রীলঙ্কা। ২৭৫ রান তাড়া করতে নামা ভারতের দুই ওপেনার বীরেন্দর শেবাগ ও শচীন টেন্ডুলকারকে ৩১ রানের মধ্যে ফিরিয়েও দিয়েছিল তারা। কিন্তু ১০ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে ম্যাচটি জিতে নেয় ভারত। ছক্কা মেরে ম্যাচ জেতানো অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তাঁর অপরাজিত ৯১ রানের ইনিংসটির জন্য হয়েছিলেন ম্যাচসেরা। তবে ভারতের পক্ষে সর্বোচ্চ ৯৭ রানের ইনিংস খেলেছিলেন তিন নম্বরে ব্যাট করতে নামা গম্ভীর। রানাতুঙ্গার এমন মন্তব্য মেনে নিতে পারছেন না তিনি, ‘রানাতুঙ্গার এমন অভিযোগে আমি বিস্মিত। বিশ্ব ক্রিকেটে খুব শ্রদ্ধেয় একজন ক্রিকেটারের কাছ থেকে আসা গুরুতর এক অভিযোগ এটা। এই অভিযোগের সপক্ষে প্রমাণ দিতে হবে তাঁকে।’
ফাইনালে খেলেননি। তবে ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন আশিস নেহরা। রানাতুঙ্গার অভিযোগকে আকারে-ইঙ্গিতে ফালতু বলে উড়িয়ে দিয়েছেন বাঁহাতি এই পেসার, ‘কোনো মন্তব্য করে রানাতুঙ্গার এই মন্তব্যের গুরুত্ব বাড়াতে চাই না আমি। এই ধরনের মন্তব্য ভিত্তিহীন। আমি যদি শ্রীলঙ্কার ১৯৯৬ বিশ্বকাপ জয় নিয়ে প্রশ্ন তুলি (রানাতুঙ্গার) তাহলে কেমন লাগবে? তাই এই বিতর্কে আর না যাই। তবে হ্যাঁ, তাঁর মতো মর্যাদাবান একজন মানুষ যদি এমন কথা বলে সেটা হতাশারই।’
রানাতুঙ্গা অভিযোগের আঙুল তোলেন গত বৃহস্পতিবার। ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আমি সেই সময় ধারাভাষ্য দিতে ভারতে ছিলাম। শ্রীলঙ্কা হেরে যাওয়ার পর খুব হতাশ হয়েছিলাম। একই সঙ্গে মনে কিছু সন্দেহও দানা বেঁধেছিল। ২০১১ বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে শ্রীলঙ্কার হেরে যাওয়া নিয়ে তদন্ত হওয়া উচিত।’ নিউজিল্যান্ডের বিপক্ষে জেতা সেমিফাইনালের দলটি কেন ফাইনালে রেখে দেওয়া হলো না, রানাতুঙ্গা এই প্রশ্নও তুলেছেন। অ্যাঞ্জেলো ম্যাথুস, অজন্তা মেন্ডিস, রঙ্গনা হেরাথ ও চামারা সিলভাকে বাইরে রেখে ফাইনালে শ্রীলঙ্কা খেলিয়েছিল থিসারা পেরেরা, সুরাজ রণদিভ, নুয়ান কুলাসেকারা ও চামারা কাপুগেদারাকে।
রানাতুঙ্গা আর সাঙ্গাকারার পরস্পরকে খোঁচাখুঁচির শুরু আরও আগে। সাঙ্গাকারা, জয়াবর্ধনে, তিলকারত্নে দিলশানের মতো সিনিয়র ক্রিকেটাররা অল্প সময়ের মধ্যে অবসরে চলে যাওয়ার পর অনেকটাই দিগ্ভ্রান্ত হয়ে পড়ে লঙ্কার ক্রিকেট। রানাতুঙ্গা বলেছিলেন, তাঁর সময়ে সিনিয়র ক্রিকেটাররা তরুণদের মানে সাঙ্গাকারাদের গড়ে তুলতে ভূমিকা রেখেছিলেন। কিন্তু সাঙ্গাকারা-জয়াবর্ধনেরা করেননি। এর জবাব দিতে গিয়ে একপর্যায়ে সাঙ্গাকারা বলেন, রানাতুঙ্গা যখন বোর্ড সভাপতি ছিলেন সেই সময়েই তাদের পাকিস্তান সফর করতে হয়েছিল। আর ২০০৯ সালের সেই সফরে তাদের টিম বাসে সন্ত্রাসী হামলা হয়েছিল। সেটির ক্ষত এখনো তাঁরা বয়ে বেড়াচ্ছেন শরীরে। নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও কেন তাঁদের পাকিস্তান সফরে পাঠানো হয়েছিল, সেটির তদন্ত দাবি করেন সাঙ্গাকারা।
রানাতুঙ্গা অবশ্য উত্তরসূরিকে ভুল ধরিয়ে দিয়ে বলেন, সেই সফরের আগেই তাঁকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আর তিনিও চান সেবারের পাকিস্তান সফরে যাওয়ার বিষয়টি নিয়ে তদন্ত হোক। একই সঙ্গে তদন্ত হোক, ২০১১ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিয়েও। পিটিআই, এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস।