প্রয়াত হিউজ কিউইদের প্রেরণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনে হতে পারে, এই তো সেদিনের কথা। অথচ দেখতে দেখতে ফিল হিউজের অকালমৃত্যুর প্রায় এক বছর হয়ে গেল। গত বছরের ২৭ নভেম্বর মাথায় আঘাত পেয়ে না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। জীবন থেমে থাকেনি, চলেছে তার নিয়মে। অস্ট্রেলিয়াও শোক ভুলে নেমেছে মাঠে। এত দিন পর নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের মুখ থেকে জানা গেল, হিউজের মৃত্যু কতটা বদলে দিয়েছে কিউই দলটিকেও।

হিউজ যখন মাথায় আঘাত পান, নিউজিল্যান্ড সংযুক্ত আরব আমিরাতে খেলছে পাকিস্তানের সঙ্গে। হিউজের মৃত্যুর দিন চলছিল শারজা টেস্ট। শোকবিহ্বল দুই দল দ্বিতীয় দিন আর মাঠে নামেনি। ম্যাককালাম ফিরে গেলেন যেন সেই সময়ে, ‘আমার মনে হয়েছিল সে আমাদেরই একজন। বারবার মনে হচ্ছিল, এটা তো আমাদেরও কারও হতে পারত। আমরা খেলা চালিয়ে যেতে চাইনি। বুঝতে পারছিলাম, কেউই মাঠে নামার মতো মানসিক অবস্থায় নেই।’

সিরিজে সে সময় ১-০ ব্যবধানে পিছিয়ে ছিল নিউজিল্যান্ড। কিন্তু ওই টেস্টেই পাকিস্তানকে ইনিংস ও ৮০ রানে হারিয়ে সমতা এনেছিল সিরিজে। সেটির পেছনে হিউজেরও পরোক্ষ একটা প্রেরণাই দেখেন ম্যাককালাম, ‘আমরা এরপর অনুভূতিশূন্য হয়েই মাঠে নেমেছিলাম। আমরা বুঝতে পেরেছিলাম সব সময় আপনার ওপর যে চাপ বা প্রত্যাশা থাকে, আপনি সেসব ছাড়া খেলতে পারলে নিজের দক্ষতাটা ভালোভাবে কাজে লাগাতে পারবেন।’

গত এক বছরে ম্যাককালামের নিউজিল্যান্ড ভয়ডরহীন ক্রিকেটের একটা বড় বিজ্ঞাপন হয়েই থেকেছে। ম্যাককালাম এই মনোভাবটাই ধরে রাখতে চান, ‘আগে যে রকম খেলতাম তাতে আমাদের খানিকটা বিব্রত হওয়ার কারণ ছিল। কিন্তু খেলাটা ভেতর থেকে আসতে হবে, সেটা আপনি মানুষকে জোর করে গেলাতে পারবেন না। আমি দলের কাছ থেকে এ রকম কিছুই চাই।’ ক্রিকইনফো।