হোক না প্রতিপক্ষ ওমান, এ জয় একটা প্রশান্তির বাতাস তো নিয়েই এল। কাল অনেক চাপের মুখে ছিল বাংলাদেশ দল। তবু দলটা আতঙ্কগ্রস্ত হয়নি, একাধিক পরিবর্তন দেখিনি একাদশে। মোহাম্মদ নাঈমের একাদশে আসা একরকম নিশ্চিতই ছিল। আনন্দের কথা, সে সফল হয়েছে। তবে লিটন ফর্মে ফিরল না, এটা দুঃখের বিষয়।
দুই দলের ব্যাটসম্যানরাই ভাগ্যকে পাশে পেয়েছে। ওমানের নতুন বলের বোলারদের কৃতিত্ব দিতে হবে। অনেক দিন পর ফিরে নাঈম স্বাভাবিকভাবেই ক্রিজে কিছুটা সময় ব্যয় করেছে। বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত সেটা। ব্যাটিং অর্ডার দেখে একটু বিস্মিত হয়েছে। তবে সাকিব আল হাসান ও নাঈমের জুটিটা যেমন বাংলাদেশের জন্য ভালো গতিতে রান তুলেছে, একই সঙ্গে ওমানের মনোবলও ভেঙে দিয়েছে।
নাঈম ক্যাচ মিসের সুযোগ কাজে লাগিয়েছে। তবে ইনিংসের পরের ভাগে বল ব্যাটে কিছুটা ধীরে আসছিল, তখন তার শেষ করে আসা উচিত ছিল। নতুন ব্যাটসম্যানদের জন্য উইকেট তখন একটু কঠিন হয়ে পড়েছিল। দিন শেষে ১৫৪ রানের স্কোর ওমানের মতো অনভিজ্ঞ দলকে হারানোর জন্য যথেষ্ট হওয়ারই কথা। বোলিং আক্রমণ একই থাকলেও একটু বৈচিত্র্য দেখেছি, শুরুতে সাকিবকে আনা হয়েছে।
বোলিংয়ের শুরুতে অবশ্য একটু চিন্তিত ছিলাম। গতির দিকে নজর দেওয়ার কারণে তাসকিন একটু এলোমেলো বল করেছে, মোস্তাফিজ লেগের দিকে ওয়াইড করা শুরু করেছিল। যতীন্দর সিং নিজের খেলাটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও তাকে ফিরিয়ে সাকিব তাদের মেরুদণ্ডটাই ভেঙে দেয়। আর মেহেদীও দারুণ বল করেছে। তার জবাবই দিতে পারেনি ওমান। তাদের মানসিকভাবে গুঁড়িয়ে দেওয়ার কাজটা সে–ই করে দিয়েছে। এর আগপর্যন্ত বাংলাদেশের শরীরী ভাষায় একটু দুশ্চিন্তার ছাপ ছিল।
এ ম্যাচে বেশ তাৎপর্যপূর্ণ মনে হয়েছে ব্যাটিং অর্ডারের পরিবর্তনটা। মুশফিকের ফর্ম নিয়ে প্রশ্ন থাকলেও অধিনায়ক হয়েও মাহমুদউল্লাহর সাতে আসাটা বাড়াবাড়ি মনে হয়েছে। আর একটা কথা, সংবাদমাধ্যম তাদের কথা বলবে, আমরাও কলাম লিখব। কিন্তু টুর্নামেন্ট চলার সময়ে কোনো বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের দলের বিভিন্ন কৌশল, অবস্থান নিয়ে প্রকাশ্যে কথা বলাটা ঠিক নয় বলেই মনে করি। বললে নিজেদের মধ্যে বলতে পারেন, চার দেয়ালের মাঝেই যাতে থাকে সেটা। প্রকাশ্যে আসা মোটেই উচিত হয়নি।
আজকের সিদ্ধান্তটা আবেগপ্রবণ মনে হয়েছে, দায়িত্বশীলতার জায়গা থেকে নেওয়া নয়। যেভাবে তারা একের পর এক আফিফ হোসেন, নুরুল হাসানকে ওপরের দিকে পাঠাল—আমার মনে হয়েছে এটা কোনো একটা কিছুর প্রতিক্রিয়া। এটা ভালো লাগেনি। বিশ্বকাপের মতো মঞ্চে এমন ঘটতে দেখিনি এর আগে। আমার ধারণা, এটা নিয়ে কর্মকর্তারা সতর্ক হবেন। দলের সঙ্গে কী আলাপ হলো, সেটা প্রকাশ্যে আলোচনা না করাই উত্তম।
আপাতত এ জয় প্রশান্তি এনে দিলেও স্বস্তি এনে দেয়নি। আমাদের এখনো একটা ম্যাচ জিততে হবে, অন্য আরেকটা দলের দিকেও তাকিয়ে থাকতে হবে। আশা করি, ওমানের বিপক্ষে স্কটল্যান্ডও ভালো করবে।