
‘তাৎক্ষণিক উত্তেজনায় আবেগতাড়িত’ মন্তব্যের জন্য সন্ধ্যায় দুঃখ প্রকাশ করলেন লুৎফর রহমান। রাতে সিসিডিএমের জরুরি সভায় সাময়িকভাবে নিষিদ্ধ করা হলো তাঁকে। বিস্তারিত জানিয়ে শাস্তির সুপারিশ করা হলো বিসিবির ডিসিপ্লিনারি কমিটির কাছে। কে ভাবতে পেরেছিল, পরশু রাতের নাটক বাকি আছে আরও! সিসিডিএমের সুপারিশ পেয়ে যেন তর সইল না ডিসিপ্লিনারি কমিটির। রাতেই জরুরি সভা করে আজীবন নিষিদ্ধ করা হলো লিজেন্ডস অব রূপগঞ্জ ক্লাবের চেয়ারম্যানকে। সঙ্গে ৫ বছর ও ৩ বছরের নিষেধাজ্ঞা ক্লাবের অন্য দুই কর্মকর্তাকে।
বিসিবির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, রাত পৌনে ১০টার দিকে শুরু হয় ডিসিপ্লিনারি কমিটির সভা। শেষ হয় সোয়া ১১টার দিকে। উপস্থিত সাংবাদিকদের হাতে ধরিয়ে দেওয়া হয় সংবাদ বিজ্ঞপ্তি। বিভিন্ন সংবাদমাধ্যমে তা পাঠানো হয় রাত পৌনে ১২টায়। সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান। মজার ব্যাপার হলো, কমিটির একমাত্র সদস্যও তিনি! এই বোর্ড দায়িত্ব নেওয়ার পর প্রায় ১৪ মাস পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ ডিসিপ্লিনারি কমিটি গঠন করা হয়নি। আর কোনো সদস্য যেহেতু নেই, কমিটির প্রধান শেখ সোহেল তাই সভায় আমন্ত্রণ জানিয়েছিলেন দুই সহসভাপতি মাহবুবুল আনাম ও আ জ ম নাছিরউদ্দিন (যিনি আবার সিসিডিএমের প্রধানও), বোর্ড পরিচালক জালাল ইউনুস, লোকমান হোসেন ভূঁইয়া, ইসমাইল হায়দার মল্লিক ও খালেদ মাহমুদকে। এঁদের শেষোক্ত দুজন লুৎফর রহমানের সরাসরি প্রতিপক্ষ। তাঁদের নিয়ে সভা করেই হয় নিষেধাজ্ঞার সিদ্ধান্ত!
ছোটখাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াও যেখানে বিসিবিতে ঝুলে থাকে দিনের পর দিন, সেখানে এক রাতেই সিসিডিএম ও ডিসিপ্লিনারি কমিটির সভা করে ত্বরিত অমন সিদ্ধান্ত নেওয়ার পেছনের কারণটা সহজেই অনুমেয়। সভা শেষে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান ডিসিপ্লিনারি কমিটির প্রধান শেখ সোহেল। সংবাদকর্মীদের পীড়াপীড়িতে শেষ পর্যন্ত বলেন, ‘শুধু বলছি, এটি প্রেস্টিজের ব্যাপার ছিল।’ তা সেই প্রেস্টিজের বিস্তারিত ব্যাখ্যা কী, সেটা আজীবন নিষেধাজ্ঞা দেওয়ার মতো গুরুতর অপরাধ কি না, এসব ব্যাপারে কারও কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি গতকালও। তা ছাড়া গঠনতন্ত্রের কোন ধারা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হলো, কারণ দর্শাও নোটিশ দেওয়া বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার মতো যথাযথ প্রক্রিয়া ডিসিপ্লিনারি কমিটি অনুসরণ করেনি কেন, লুৎফর রহমানের দুঃখ প্রকাশ করে পাঠানো চিঠি কেন বিবেচনায় নেওয়া হয়নি, এসব ব্যাপারে ব্যাখ্যা দেওয়ার জন্যও পাওয়া যায়নি কাউকে। শেখ সোহেলের দুটি ফোন নম্বরে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া গেছে। বোর্ডের অন্য কর্তারাও এসব নিয়ে মুখ খুলতে নারাজ। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানালেন, এই সিদ্ধান্ত নিয়ে ‘টুঁ’ শব্দটি করা যাবে না।
স্বাভাবিকভাবেই পুরো ক্রিকেটমহলের জন্য বিস্ময় হয়ে এসেছে ওই সিদ্ধান্ত ও সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়া। দেশের প্রথম ওয়ানডে অধিনায়ক ও সাবেক বোর্ড পরিচালক গাজী আশরাফ হোসেনও যারপরনাই অবাক, ‘সাকিবের ব্যাপারে ডিসিপ্লিনারি কমিটিকে পাশ কাটিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল বিসিবি। এবার ডিসিপ্লিনারি কমিটিই সিদ্ধান্ত নিল, তবে আমার মনে হয়েছে সবকিছু খুব তাড়াহুড়ো করে করা হয়েছে। দীর্ঘদিন ধরে দেশের ক্রিকেটের সঙ্গে আছি। কিন্তু সর্বশেষ কবে একটি বড় ক্লাবের কর্মকর্তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা আমার মনে পড়ে না। তার পরও ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত তো বোর্ডের অনুমোদনের ব্যাপার আছে।’
ডিসিপ্লিনারি কমিটিই চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিয়েছে জানার পর আরেক দফা বিস্মিত গাজী আশরাফ, ‘এ জন্যই আমি একবার প্রস্তাব করেছিলাম, সবগুলো কমিটিতে একজন আইনবিশেষজ্ঞ রাখা দরকার। কমিটির চেয়ারম্যান সব ধারা-উপধারা অনেক সময় জানেন না। মাঠের কোনো শৃঙ্খলাভঙ্গ নিয়ে যেমন ম্যাচ রেফারি কোনো সিদ্ধান্ত দেওয়ার আগে শুনানি হয়, অভিযুক্তের কথা শোনা হয়। আমি জানি না কালকের এই সিদ্ধান্তে গঠনতন্ত্র যথাযথ অনুসরণ করা হয়েছে কিনা। লুৎফর রহমানের বক্তব্য অবশ্যই ছিল শিষ্টাচার-বহির্ভূত। সেটাকে সমর্থনের কোনো কারণ নেই। ওনার উচিত ছিল পরদিনই অনুতপ্ত হয়ে বিবৃতি দেওয়া। কিন্তু ক্রিকেট বোর্ডও খুব ভালো নজির দেখাতে পারল না। বাংলাদেশের সব ফেডারেশনের সামনে বিসিবিকে একটা আদর্শ মানদণ্ড ধরা হয়। কিন্তু এটি খুব ভালো দৃষ্টান্ত হয়ে থাকবে না।’
প্রশ্ন উঠেছে লুৎফর রহমানের বক্তব্যের প্রতিবাদকারী তিন পক্ষের গত ৮ ডিসেম্বরের সংবাদ সম্মেলন নিয়েও। কোয়াবের (ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) হয়ে সেদিন লিখিত বক্তব্য পাঠ করেছিলেন হান্নান সরকার। একজন সাধারণ সদস্য বক্তব্য রাখলেন, এটি নিয়ে প্রশ্নের জবাবে কোয়াবের বোর্ড পরিচালক ও সহসভাপতি বলেছিলেন, কোয়াবের প্রেসিডেন্ট ঢাকার বাইরে যাচ্ছেন। আর সবার সম্মতি আছে বক্তব্যে। কিন্তু কাল কোয়াবের ভাইস প্রেসিডেন্ট ইফতেখার রহমান (মিঠু) সেটি সরাসরি অস্বীকার করলেন, ‘ওই প্রেস কনফারেন্সের ব্যাপারে আমরা কিছুই জানতাম না। এমন একটি ব্যাপারে ইসি কমিটিতে আলোচনা, অনেকের মত নেওয়ার ব্যাপার আছে। কিন্তু আমরা কিছুই অবগত ছিলাম না।’ মন্তব্য করতে না চাইলেও কিছুই না জানার কথা স্বীকার করেছেন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল।
সব মিলিয়ে সিদ্ধান্ত, সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া ও উদ্দেশ্য, সবই প্রশ্নবিদ্ধ।