প্রশ্ন উঠে গেল ইংল্যান্ডের সফর নিয়েও
ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশে পা রাখার কথা প্রায় তিন মাস পর। কিন্তু পরশু ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় নৃশংস ও ঘৃণ্য সন্ত্রাসী হামলার পর বড় একটা প্রশ্নচিহ্ন বসে গেল ওই সফরটির পাশে।
গত শুক্রবার রাতে গুলশানের ওই রেস্তোরাঁয় রীতিমতো হত্যাযজ্ঞ চালিয়েছে সন্ত্রাসীরা। নিহত ব্যক্তিদের বেশির ভাগই বিদেশি। এ ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নিরাপত্তার কারণে ইংল্যান্ড দল সেপ্টেম্বরে বাংলাদেশ সফর বাতিল কিংবা স্থগিত করবে কি না, এরই মধ্যে উঠে গেছে প্রশ্ন। ইসিবির এক মুখপাত্র এএফপিকে বলেছেন, ‘ইসিবির কাছে খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের যেকোনো দলের বিদেশ সফরের ক্ষেত্রেই এটি প্রযোজ্য।’
ওই মুখপাত্রই জানিয়েছেন, আগামী সপ্তাহ ও মাসগুলোয় নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে ইসিবি। সফরের আগে ইংল্যান্ড দলের জন্য নিরাপত্তাব্যবস্থার খুঁটিনাটি জানতে পাঠাবে পরিদর্শক দলও। সবকিছু শেষে যদি কঠিন কোনো সিদ্ধান্ত নিতে হয়, সেটিও নেওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন ইসিবির মুখপাত্র, ‘আগামী সপ্তাহ ও মাসগুলোয় আমরা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করব। ইংল্যান্ড দলের জন্য নিরাপত্তাব্যবস্থা খুঁটিয়ে দেখতে সফর-পূর্ব পরিদর্শনটা হবে খুব নিবিড়। আমরা বৈদেশিক ও কমনওয়েলথ অফিসের (এফসিও) সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখব। আমাদের নিরাপত্তা পরিচালক রেগ ডিকাসন কিংবা এফসিও যদি বলে, পরিস্থিতি নিরাপদ ও যথাযথ নয়, আমরা সেই অনুযায়ীই সিদ্ধান্ত নেব।’
নিরাপত্তা নিয়ে সংশয়ের কারণে ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত করার ঘটনা আগেও ঘটেছে। গত বছরের সেপ্টেম্বর দল ঘোষণা করেও শেষ মুহূর্তে বাংলাদেশ সফর স্থগিত করেছিল অস্ট্রেলিয়া। ইসিবি যেমন সফরের আগে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণের কথা বলছে, ক্রিকেট অস্ট্রেলিয়াও তা-ই করেছিল। সেই অনুযায়ীই ঢাকায় এসেছিলেন নিরাপত্তাপ্রধান শন ক্যারল। পরে আসেন অস্ট্রেলিয়ার টিম ম্যানেজার ও দলের আরেক নিরাপত্তা কর্মকর্তাও। দুজনই দ্রুত ফিরে যাওয়ার পর সিএ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, বাংলাদেশ সফর করছে না স্টিভেন স্মিথের দল। স্থগিত সফরটি ফের কবে হবে, এখনো ঠিক হয়নি।
এরপর এ বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকেও অস্ট্রেলিয়া দল প্রত্যাহার করে নেয়। এর আগে গত বছর অক্টোবরে একই কারণে বাংলাদেশ সফর স্থগিত করেছিল দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলও। এবার ইংল্যান্ড সফরকেও ঘিরে ধরেছে সেই শঙ্কা।