প্রশ্ন হেলমেট নিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সপ্তাহ আগেও ক্রিকেটকে সবচেয়ে নিরাপদ খেলাগুলোর একটি বললে অনেকেই হয়তো একবাক্যে মেনে নিতেন। কিন্তু ফিল হিউজের অকালমৃত্যুর পর প্রশ্ন উঠেই গেছে, ক্রিকেট আসলে কতটা নিরাপদ? হেলমেট কি ব্যাটসম্যানদের যথেষ্ট নিরাপত্তা দিতে পারছে?
শন অ্যাবটের বাউন্সারে মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন হিউজ। দুদিন অচেতন থাকার পর পরশু চলে গেছেন না-ফেরার দেশে । কিন্তু যে হেলমেট পরেছিলেন, সেটার নকশায় কি ত্রুটি ছিল? নইলে গ্রিলের ফাঁক গলে বল মাথা ও ঘাড়ের মাঝের অংশে কীভাবে লাগে? হেলমেট যাদের তৈরি, যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান মাসুরি দাবি করেছে হিউজের হেলমেটটা ছিল পুরাতন নকশার। নতুন হেলমেটে মাথা ও ঘাড়ের ওই অংশের জন্য বাড়তি সুরক্ষা আছে বলেই তাদের দাবি।
সেই সত্তরের দশকেও টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যানরা হেলমেট পরতেন না। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক গ্রাহাম ইয়ালপ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যখন ১৯৭৮ সালে হেলমেট পরে খেলেছিলেন বলে তাঁকে কম টিটকারি করা হয়নি। এরপর অবশ্য হেলমেট পরাটা রীতিই হয়ে গেছে। কিন্তু অন্য খেলায় যেমন হেলমেট সময়ের সঙ্গে নতুনভাবে পরিবর্তিত হয়েছে, ক্রিকেটে সেই পরিবর্তনটা সেভাবে আসেনি। ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ব্রিস ম্যাকগেইন একটু অন্য ধরনের হেলমেট পরেছিলেন। সেটা মাথা ও ঘাড়ের সুরক্ষা অনেকটাই নিশ্চিত করতে পারবে বলেই দাবি হেলমেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যালবিওনের। কিন্তু ক্রিকেটারদের কাছে সেটি জনপ্রিয়তা পায়নি।
হেলমেট প্রসঙ্গ থাক। এখন প্রশ্ন উঠবে আরেকটি, বাউন্সার কি কমানো উচিত? ব্রায়ান লারা দুদিন আগে মনে করিয়ে দিয়েছেন, এমনিতেই বোলাররা আগের মতো যথেচ্ছ বাউন্সার দিতে পারেন না। বাউন্সার তো ফাস্ট বোলারদের একটা অস্ত্র। সেটি কেড়ে নিলে ক্রিকেট কি পানসে হয়ে পড়বে না? বিবিসি, রয়টার্স।