প্রশ্নবাণে জর্জরিত হাথুরুসিংহে

সাত ব্যাটসম্যানের সঙ্গে চার বোলার—পরশু রাত পর্যন্ত মোটামুটি এমনই ছিল একাদশ। কিন্তু কাল সকালে সিদ্ধান্ত গেল বদলে। ম্যাচ শুরুর ঘণ্টা খানেক আগে প্রধান নির্বাচক ফারুক আহমেদকে টিম ম্যানেজমেন্ট থেকে ফোন করে জানালো হলো এক পেসার নিয়ে খেলার সিদ্ধান্তের কথা। প্রধান নির্বাচক কারণ জানতে চাইলে বলা হয় কোচ-অধিনায়কের চাওয়া এমনটাই।
কোচ-অধিনায়কের ইচ্ছায় বাদ সাধেননি ফারুক আহমেদ। তবে এক পেসারের সিদ্ধান্তে তিনিসহ বিস্মিত জাতীয় দল-সংশ্লিষ্ট সবাই-ই। কোচকে তাঁর কাজে যে অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছে, সেটার অপব্যবহার হচ্ছে কি না, সেই প্রশ্নও তুলে দিয়েছে ফতুল্লা টেস্টের একাদশ। এক পেসার নিয়ে খেলার পরিকল্পনায় আবার রুবেল হোসেনও নেই! ২৩ টেস্টের অভিজ্ঞতাসম্পন্ন রুবেলকে বাইরে রেখে একাদশে নেওয়া হয়েছে এর আগে মাত্র দুটি টেস্ট খেলা মোহাম্মদ শহীদকে।
এসব অস্পষ্টতার সবচেয়ে ভালো ব্যাখ্যা দিতে পারেন কোচ নিজে। কিন্তু টেস্টের প্রথম দিন শেষেই কি আর সংবাদ সম্মেলনে আসবেন হাথুরুসিংহে? আর তিনি নিজেও জানেন সংবাদ সম্মেলনে এলে বিতর্কিত দল গড়ার ব্যাখ্যা চাওয়া হবে তাঁর কাছে। কাজেই এই দিনে নিশ্চয়ই সাংবাদিকদের এড়িয়েই যেতে চাইবেন কোচ। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সংবাদ সম্মেলনে চলে এলেন হাথুরুসিংহে। পরিস্থিতি যা হওয়ার তাই হলো। বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে কঠিন কয়েকটা মুহূর্তই পার করলেন তিনি সংবাদ সম্মেলনকক্ষে। তিরের মতো ছুটে যাওয়া সব প্রশ্নে বেশ অপ্রতিভই মনে হচ্ছিল শ্রীলঙ্কান এই কোচকে।
রুবেলকে না নেওয়ার যে ব্যাখ্যা কোচ দিলেন, সেটা একটু অদ্ভুতই, ‘রুবেল চোট কাটিয়ে ফিরেছে। এক শ ভাগ ফিট নয়। আমাদের মনে হয়েছে এই উইকেটে বল করলে তার চোট বাড়তে পারে। কারণ ও ম্যাচ ফিটনেস প্রমাণের সুযোগ পায়নি।’ রুবেলের যদি ফিটনেসই না থাকে, একমাত্র টেস্টের স্কোয়াডে কেন তাঁকে রাখলেন নির্বাচকেরা? ফিজিও-ট্রেনারদের ফিটনেস সনদ নিয়েই তো স্কোয়াডে রুবেল! কোচের বক্তব্যটা এবার একটু অন্য রকম, ‘এ ধরনের উইকেটে বল করার মতো ফিট নয় ও। এখানে বল করতে অনেক বেশি জোর খাটাতে হয়। উইকেটটা পেস সহায়ক হলে আমরা হয়তো অন্যভাবে দল সাজাতাম।’
ধূম্রজাল এখানেও। কোচের দৃষ্টিতে যে উইকেটে রুবেলের পক্ষেও সম্ভব নয় ভালো বল করা, সেখানে তরুণ শহীদের ওপর আস্থা রাখার কারণ স্পষ্ট নয়। এক পেসার নিয়ে খেলতে নামলে তো প্রথম বিবেচনায় রুবেলেরই আসার কথা! দল-সংশ্লিষ্ট একটি সূত্র অবশ্য জানিয়েছে, কোচ আসলে রুবেলের সব শক্তি ওয়ানডের জন্য সংরক্ষণ করতে চাচ্ছেন। হাথুরুসিংহের কথায়ও আছে সে ইঙ্গিত, ‘রুবেলকে আমরা ওয়ানডে সিরিজের জন্য রাখতে চাচ্ছি। ওয়ানডে সিরিজে একটা ম্যাচ জিতলেই আমাদের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ তৈরি হতে পারে।’
হাথুরুসিংহের দাবি, টেস্টের দল তাঁরা গড়েছেন নিজেদের শক্তিমত্তা বিবেচনা করে। যে বোলিং আক্রমণ নিয়ে খেলছেন, সেটাও এই মুহূর্তে দলের সেরা। তারপরও দিনটা বাংলাদেশ দলের পক্ষে আসেনি প্রাপ্ত সুযোগগুলো কাজে লাগাতে না পারায়। লেগ স্পিনার জুবায়ের হোসেনের পারফরম্যান্সেও বেশ সন্তুষ্ট কোচ, ‘জুবায়ের ভালো বল করছে। আমার মনে হয় যথেষ্ট সুযোগও তৈরি করেছে ও।’ কিন্তু হাথুরুসিংহে যদি স্পিনেই নিজেদের শক্তিমত্তা দেখেন, তাঁর বোধ হয় এটাও মাথায় রাখা উচিত ছিল যে, ভারতীয় ব্যাটসম্যানরা ওই স্পিনের বিপক্ষেই বেশি স্বচ্ছন্দ। কোচের ব্যাখ্যা, ‘কন্ডিশনের কারণেই স্পিনারদের নেওয়া হয়েছে। অফ স্পিনারের বৈচিত্র্য রাখাটাও একটা কারণ। গত কয়েক বছরের ইতিহাসে দেখা গেছে ভারতীয় ব্যাটসম্যানদের বিপক্ষে অফ স্পিনাররা বেশি সফল।’
প্রথম দিনের প্রায় এক-তৃতীয়াংশ খেয়ে নিয়েছে বৃষ্টি। ভারতের স্কোরবোর্ডে দিন শেষে তবু বিনা উইকেটে ২৩৯ রান। দেড় শ করে অপরাজিত শিখর ধাওয়ান, সেঞ্চুরির অপেক্ষায় মুরালি বিজয়ও। হাথুরুসিংহে তারপরও আছেন জয়ের আশায়, ‘এখনো আমরা জেতার জন্যই খেলব। স্কোরবোর্ডে হয়তো ওদের রানটা বিনা উইকেটে ২৩৯, কিন্তু ক্রিকেটে যেকোনো কিছুই সম্ভব।’ আবহাওয়ার পূর্বাভাস অবশ্য বলছে, ফতুল্লা টেস্টের নির্ধারক হয়ে যেতে পারে বৃষ্টিও। ‘আশঙ্কা’টা হাথুরুসিংহের মধ্যেও কাজ করছে। হ্যাঁ, ‘আশঙ্কা’ই বলতে হচ্ছে। কোচের কথা শুনলেই বুঝবেন এর কারণ, ‘আবহাওয়া একটা ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। সময় নষ্ট হলে জেতা কঠিন। আমাদের তো ফলাফল পাওয়ার জন্য খেলতে হবে।’
কাকতালীয়ভাবে বাংলাদেশ দলের কোচ হিসেবে কালই এক বছর পূর্ণ হলো হাথুরুসিংহের। ফতুল্লা টেস্টের দল নিয়ে যতই খটমট প্রশ্ন হোক, এটা অস্বীকার করার উপায় নেই যে এই এক বছরে বাংলাদেশ দলের সাফল্য কম নয়। কোচও মনে করিয়ে দিলেন, ‘আমার মনে হয় আমরা উন্নতি করেছি। ফলাফল বা আমরা যেভাবে খেলছি, সেদিকে চোখ রাখলেই তা বোঝা যাবে।’
সেই উন্নতির ধারাবাহিকতাটা ধরে রাখা যাবে তো ভারত সিরিজে? সিরিজের প্রথম দিনটা কিন্তু অশনিসংকেতই দিচ্ছে।
স্কোরকার্ড
টস: ভারত
ভারত ১ম ইনিংস
| রান | বল | ৪ | ৬ | |
| বিজয় ব্যাটিং | ৮৯ | ১৭৮ | ৮ | ১ |
| ধাওয়ান ব্যাটিং | ১৫০ | ১৫৮ | ২১ | ০ |
অতিরিক্ত ০
মোট (৫৬ ওভারে, বিনা উইকেটে) ২৩৯
বোলিং: শহীদ ১২-২-৫২-০, সৌম্য ২-০-৭-০, শুভাগত ১৩-০-৪৭-০, সাকিব ৯-১-৩৪-০, তাইজুল ১২-০-৫৫-০, জুবায়ের ৭-০-৪১-০, ইমরুল ১-০-৩-০।