প্রশ্নবিদ্ধ বিলালের বোলিং অ্যাকশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের তিন দিনের মধ্যে কত রকম অভিজ্ঞতাই হয়ে গেল বিলাল আসিফের! গত শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে অভিষেক। উইকেট-শূন্য ছিলেন ওই ম্যাচে, ব্যাটিংয়েও শূন্য। পরের ম্যাচেই ৫ উইকেট নেওয়ার পর ৩৮ রান করে ম্যাচ-সেরা। কিন্তু সেই ম্যাচই বড় একটা দুঃসংবাদ শুনিয়েছে তাঁকে। বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছে পাকিস্তানি অফ স্পিনারের।
হারারেতে পাকিস্তান-জিম্বাবুয়ে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচের পর বিলালের বোলিং অ্যাকশন নিয়ে ম্যাচ রেফারি ডেভিড জিউকসের কাছে আপত্তি তুলেছেন ওই ম্যাচের দুই আম্পায়ার জিম্বাবুয়ের জেরেমিয়াহ মাতিবিরি ও শ্রীলঙ্কার রুচিরা পাল্লিয়াগুরুগে। পাকিস্তান দলের ম্যানেজার ইন্তিখাব আলম খবরটি জানিয়ে বলেছেন, ‘মাত্রই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো, এমন একজন খেলোয়াড়ের জন্য এটা খুবই হতাশার।’
নিয়ম অনুযায়ী, আইসিসি অনুমোদিত কোনো পরীক্ষাগারে রিপোর্ট পাওয়ার দুই সপ্তাহের মধ্যে অ্যাকশনের পরীক্ষা দিতে হবে বিলাল আসিফকে। সেটির ফলাফল পাওয়ার আগ পর্যন্ত বোলিং করতে কোনো বাধা নেই।
সাঈদ আজমল ও মোহাম্মদ হাফিজের পর এবার বিলাল—সর্বশেষ এক বছরে এ নিয়ে তিনজন পাকিস্তানি স্পিনারের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলো। আজমল অবশ্য পরীক্ষা দিয়ে বৈধতার ছাড়পত্র পেয়েছেন। তবে অ্যাকশন পরিবর্তন করে ফেরার পর আগের ধার হারিয়ে এখন তিনি দলের বাইরে। গত জুলাইয়ে একই বছরে দ্বিতীয়বারের মতো বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ায় পরের ১২ মাস বোলিং থেকে নিষিদ্ধ হয়েছেন হাফিজ। এএফপি।