প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশন এবং ফয়সালের প্রশ্ন

জাতীয় দলে তিনবার সুযোগ পেয়েও জায়গা ধরে রাখতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটে ফয়সাল হোসেনের উপস্থিতি তাই একটি টেস্ট আর ৬টি ওয়ানডে ম্যাচেই সীমাবদ্ধ। তবে ঘরোয়া ক্রিকেটে তিনি অনেক ‘পুরোনো সৈনিক’। ১৯৯৫ সালে দ্বিতীয় বিভাগ ক্রিকেট দিয়ে ঢাকার ক্রিকেটে আবির্ভাবের পর প্রিমিয়ার লিগেও খেলে ফেলেছেন ১৯ বছর। অথচ এত দিনেও কিনা এই বাঁহাতি ঠিকভাবে চিনতে পারলেন না নিজের বোলিং অ্যাকশনটাই!
২০০৬ সালে ঘরোয়া ক্রিকেটের ‘চাকার’দের যে লম্বা তালিকা করেছিল বিসিবি, সেখানে ফয়সালের নাম ছিল। সে সময়ের একাডেমির কোচ রুয়ান কালপাগের (বর্তমানে জাতীয় দলের সহকারী কোচ) সঙ্গে কাজ করে শুদ্ধ অ্যাকশন নিয়ে ফেরার পর বছর দশেক ঠিকই ছিলেন। কিন্তু এবারের প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে খেলতে নেমে ফয়সাল আবারও জানলেন, তাঁর বোলিং অ্যাকশন ‘সন্দেহজনক’।
আগামী ২০ জুলাই শুরু হবে ফয়সালসহ প্রিমিয়ার লিগে ‘সন্দেহজনক’ বলে চিহ্নিত ৯ বোলারের অ্যাকশনের পরীক্ষা-নিরীক্ষা। ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুরের ইনডোরে প্রত্যেক বোলারের অ্যাকশন আলাদা করে পরীক্ষা করবেন বোলিং অ্যাকশন রিভিউ কমিটির বিশেষজ্ঞরা। এই প্রক্রিয়ায় সব ধরনের বোলিংই করতে বলা হবে বোলারদের। ছয়টি ক্যামেরায় সেগুলোর ফুটেজ নিয়ে পরে সফটওয়্যারের মাধ্যমে নির্ণয় করা হবে, কার কনুই কত ডিগ্রি বাঁকল। অনুমোদিত ১৫ ডিগ্রির বেশি বাঁকবে যাঁদের, পুনর্বাসনের মাধ্যমে অ্যাকশন ঠিক করার আগ পর্যন্ত তাঁরা ঘরোয়া ক্রিকেটে বল করতে পারবেন না।
পুনর্বাসন প্রক্রিয়াটি চাইলে বোলাররা নিজ উদ্যোগে করতে পারবেন, আবার বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির অধীনেও করতে পারবেন। সে ক্ষেত্রে বোলারকে পুনর্বাসনের জন্য বিসিবির কাছে আবেদন করতে হবে।
অ্যাকশন ঠিক হয়েছে মনে করলে বোলিং অ্যাকশন রিভিউ কমিটির বিশেষজ্ঞদের সামনে পুনঃপরীক্ষা দেবেন বোলাররা। এসব হবে বিসিবির খরচেই। কিন্তু পুনর্বাসন-প্রক্রিয়া শেষ হওয়ার পর পরীক্ষায় উতরাতে না পারলে পরেরবারের পরীক্ষার জন্য বোলারকে ফি দিতে হবে ১০ হাজার টাকা। সেই পরীক্ষায়ও ‘পাস’ না করলে পরের ফি বেড়ে হবে ৩০ হাজার টাকা।
ঘরোয়া ক্রিকেটে এর আগে একবারই ‘চাকার’ ধরার চেষ্টা করেছে বিসিবি, সেটা ওই ২০০৬-০৭ মৌসুমেই। এরপর গত দশ বছর এ নিয়ে কোনো উদ্যোগই ছিল না। গত বিশ্বকাপে তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ার পর টনক নড়ে বিসিবির। যার ফল, প্রিমিয়ার লিগে মোট ১১ জন বোলারের অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়া। এর মধ্যে আরাফাত সানি ও সানজিত সাহার অ্যাকশন আইসিসি আগেই অবৈধ ঘোষণা করায় বোলিং অ্যাকশন রিভিউ কমিটি তাঁদের আর নতুন করে পরীক্ষা-নিরীক্ষায় ডাকেনি।
ক্যারিয়ারের একেবারে শেষ বেলায় এসেও বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে আপত্তি নেই ফয়সালের। তবে তাঁর একটা দুঃখ আছে, ‘ছোটবেলা থেকেই আমি এভাবে বল করি। আরাফাত সানি, শরীফুল্লাহ সবাই বছরের পর বছর এভাবে বল করে আসছে। এতগুলো বছর কেন বলা হলো না ওরা চাক করে?’ উত্তরটাও তিনিই দিয়ে দিয়েছেন, ‘বয়সভিত্তিক পর্যায়ে উদাসীনতাই এর কারণ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সানজিতের অ্যাকশনে ত্রুটি ধরা পড়ল, এ রকম আরও অনেক তরুণ ক্রিকেটার আছে, যারা প্রিমিয়ার লিগের মতো সর্বোচ্চ পর্যায়ে এসে জানতে পারছে তাদের অ্যাকশনে সমস্যা। ত্রুটিটা আরও আগে ধরলে এত দিনে অ্যাকশন ঠিক হয়ে যেত।’
এ ক্ষেত্রে ক্লাবেরও একটা দায় থাকে। কিন্তু কথিত আছে, খেলায় বাড়তি সুবিধা নেওয়ার জন্য ‘চাকার’দের ব্যবহারই করে ক্লাবগুলো। নিখুঁত ‘চাকিং’ করতে পারে, এমন বোলারকে নাকি অনেক সময় চেয়েবেছেই দলে নেওয়া হয়। ক্লাব ক্রিকেটে খেলার দীর্ঘ অভিজ্ঞতায় সে রকম ঘটনা অনেকই দেখে থাকবেন ফয়সাল। এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও ইঙ্গিতে যা বোঝাতে চাইলেন, সত্যিটা বোঝার জন্য সেটিই যথেষ্ট, ‘ক্লাব একজন খেলোয়াড়ের কাছ থেকে সর্বোচ্চ সুবিধা নিতে চাইবে, সেটাই তো স্বাভাবিক।’