প্রশ্নবিদ্ধ সোহাগের অ্যাকশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠের ক্রিকেটে দুঃসময়, অ্যাকশন নিয়ে সংশয়—সোহাগের মানসিক শক্তির বড় পরীক্ষাই নেবে সামনের কিছুদিন
মাঠের ক্রিকেটে দুঃসময়, অ্যাকশন নিয়ে সংশয়—সোহাগের মানসিক শক্তির বড় পরীক্ষাই নেবে সামনের কিছুদিন

তাঁর বোলিং অ্যাকশন নিয়ে খানিকটা ফিসফাস ছিল আগে থেকেই। সেটাই এবার পেল আনুষ্ঠানিক ভিত্তি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছেন সোহাগ গাজী। এমনিতেই বছরটি দুঃস্বপ্নের মতো কাটছে বাংলাদেশ ক্রিকেটের। গত অক্টোবরে একই টেস্টে সেঞ্চুরি ও হ্যাটট্রিক ইতিহাসের পর থেকে সময় ভালো যাচ্ছে না সোহাগেরও। এর মধ্যেই এই খবর বড় এক ধাক্কা সোহাগ ও বাংলাদেশ ক্রিকেটের জন্য। সোহাগের জন্য বড় শঙ্কার খবর, নির্দিষ্ট কোনো ধরনের বল বা কিছু বলে সন্দেহ নয়, দুই আম্পায়ার আলিম দার ও গ্রেগরি ব্রাফেটের সন্দেহের তির সোহাগের সব বলের দিকেই!

ম্যাচ অফিশিয়ালদের প্রতিবেদন শনিবারই তুলে দেওয়া হয়েছে বাংলাদেশের ম্যানেজার হাবিবুল বাশারের হাতে।আইসিসির নিয়ম অনুযায়ী, অভিযুক্ত হলে ২১ দিনের মধ্যে আইসিসি অনুমোদিত কোনো ল্যাবে অ্যাকশন পরীক্ষা করাতে হয়। তবে বিসিবির একটি সূত্র জানিয়েছে, সোহাগের ব্যাপারে তেমন নির্দিষ্ট কিছু এখনো জানানো হয়নি। আইসিসি শুধু পরামর্শ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ হওয়ার ঠিক পরপর কার্ডিফে আইসিসি অনুমোদিত ল্যাবে সোহাগকে পাঠাতে। এই সফর শেষ হওয়ার কথা ১৭ সেপ্টেম্বর। সোহাগের এশিয়ান গেমসে খেলাটাও তাই এখন খানিকটা অনিশ্চয়তার মেঘে ঢাকা। যদিও পরীক্ষার ফল না পাওয়া পর্যন্ত খেলা চালিয়ে যেতে বাধা নেই।

অফ স্পিনারদের সন্দেহজনক বোলিং অ্যাকশনে অভিযুক্ত হওয়া গত কিছুদিনে ক্রিকেট-বিশ্বের সবচেয়ে নিয়মিত খবর। গত অক্টোবরে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে অভিযুক্ত হন দক্ষিণ আফ্রিকান অফ স্পিনার ইয়োহান বোথা। পরে মুক্তি পান অভিযোগ থেকে। নভেম্বরে ভারতের বিপক্ষে টেস্টে অভিযুক্ত হন দুই ক্যারিবিয়ান অফ স্পিনার শেন শিলিংফোর্ড ও মারলন স্যামুয়েলস। পরীক্ষায় অ্যাকশন অবৈধ ধরা পড়ায় পরের মাসেই নিষিদ্ধ হন শিলিংফোর্ড। স্যামুয়েলস বোলিং থেকে নিষিদ্ধ না হলেও নিষিদ্ধ করা হয় তাঁর জোরের ওপর করা বল।

শিলিংফোর্ড পরে অ্যাকশন শুধরে আবার পরীক্ষা দিয়ে ক্রিকেটে ফেরার অনুমতি পান গত মার্চে। জুনে ইংল্যান্ডের বিপক্ষে অভিযুক্ত হন সাচিত্রা সেনানায়েকে। পরের মাসে হন নিষিদ্ধ। অ্যাকশন শুধরে লঙ্কান অফ স্পিনার এখন প্রহর গুনছেন ফেরার। গত মাসেই আরও নিষিদ্ধ হন কিউই পার্টটাইম অফ স্পিনার কেন উইলিয়ামসন। গত ১১ আগস্ট অভিযুক্ত হন অনেকের মতেই এখন বিশ্বের সেরা সাঈদ আজমল। ২২ আগস্ট অভিযুক্ত হন জিম্বাবুয়ের প্রসপার উতসেয়া। অফ স্পিনারদের এই মিছিলেই নবতম সংযোজন সোহাগ। ব্রিসবেনের ল্যাবে আজই আজমলের অ্যাকশন পরীক্ষা হওয়ার কথা। সেনানায়েকের পরীক্ষা হয়েছিল কার্ডিফে, যেখানে পাঠাতে বলা হয়েছে সোহাগকে।

ব্যাটিংয়ের সময় হাফহাতা জার্সি পরলেও বোলিংয়ে সব সময়ই ফুলহাতা পরে নামেন সোহাগ। অবশ্য আজমল-অশ্বিন থেকে শুরু করে সমসাময়িক প্রায় সব অফ স্পিনারই নিজেকে এই ‘ফুলহাতা’ চাদরে ঢেকে রাখেন। গত জুনের আইসিসি সভায় বোলিং অ্যাকশন নিয়ে কঠোর হওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। সাম্প্রতিক লম্বা তালিকাটা হয়তো সেটারই প্রতিফলন। জুনের ওই সভার পর সোহাগকে নিয়ে অভিযুক্ত হলেন পাঁচজন!

গত দুই দশকে অভিযুক্তদের এই তালিকা বেশ লম্বা ও ‘সমৃদ্ধ’। ১৯৯৫ সালের ডিসেম্বরে ড্যারেল হেয়ার সেই বিতর্কিত ‘নো’ ডাকার পর থেকে মুত্তিয়া মুরালিধরনের ক্যারিয়ারজুড়েই সঙ্গী ছিল অ্যাকশন নিয়ে সংশয়-প্রশ্ন। আরেক সফল অফ স্পিনার হরভজন সিং, এখনকার আম্পায়ার কুমার ধর্মসেনা, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক...অভিযুক্ত হয়েছিলেন এমন অনেকেই। বাংলাদেশের ক্রিকেটেও এটা নতুন কিছু নয়। দেশের অভিষেক টেস্টের পরই অভিযুক্ত হয়েছিলেন সেই সময়ের অধিনায়ক নাঈমুর রহমান ও বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক। সর্বশেষ ছিলেন আবদুর রাজ্জাক। ২০০৮ সালের অক্টোবরে অভিযুক্ত হওয়ার পর ক্যানবেরায় পরীক্ষায় অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ায় নিষিদ্ধ হয়েছিলেন নভেম্বরে। অ্যাকশন শুধরে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পান পরের বছরের মার্চে।

মাঠের ক্রিকেটে দুঃসময়, অ্যাকশন নিয়ে সংশয়—সোহাগের মানসিক শক্তির বড় পরীক্ষাই নেবে সামনের কিছুদিন।