প্রশ্নবিদ্ধ 'টেস্ট ব্যাটিং'য়ে ক্ষুব্ধ মাশরাফি

দিনের প্রথম ম্যাচে রানের ফোয়ারা না ছুটলেও ভালোই রান হয়েছে। কিন্তু দ্বিতীয় ম্যাচে রানের জন্য মাথা কুটে মরলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের ব্যাটসম্যানরা। শিশিরভেজা মাঠে ব্যাটিং আরও সহজ হওয়ার কথা ছিল। ম্যাচ শেষে তাই কুমিল্লার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা হতাশামাখা কণ্ঠেই জানালেন ক্ষোভের কথা।
পিচ কিউরেটর থেকে শুরু করে সবারই ধারণা ছিল আজকের উইকেটে ব্যাটিং অনেক সহজ হবে। কিন্তু সহজ হলেও রান করার ইচ্ছেটা তো ব্যাটসম্যানদের থাকতে হবে! সেই ইচ্ছেটাই কেন যেন দেখা গেল না কুমিল্লার দুই ফিফটি পাওয়া ব্যাটসম্যানের মধ্যে। টি-টোয়েন্টির জন্য খুবই দৃষ্টিকটু ব্যাটিংয়ে দুজনই করেছেন ৫২ রান। আহমেদ শেহজাদ খেলেছেন ৪৫ বল আর মারলন স্যামুয়েলসের লেগেছে ৪৬! ম্যাচটা এমন লো স্কোরিং হলো কেন—এমন প্রশ্নে মাশরাফি তাই কোনো রাখঢাক করেননি, ‘লো স্কোরিং তো আমরা বানিয়ে ফেলেছি। লো স্কোরিং তো ছিল না। আমরা যে টেস্টের মতো ব্যাটিং করছি, লো স্কোরিং তো হবেই। দিনের বেলায় দেখে মনে হচ্ছিল, এ উইকেটে ২০০ করা সম্ভব এবং ২০০ করেও সেটা ডিফেন্ড করা কঠিন।’
১২৩ রানের লক্ষ্যে পৌঁছাতে রংপুর রাইডার্সেরও ১৭ ওভার লেগে গেছে। কিন্তু মাশরাফি এতে পিচের কোনো দোষ দেখছেন না, নিজেদের বোলিংয়েরও প্রভাব খুঁজে পাচ্ছেন না, ‘বলতে পারেন, আমাদের বোলিং ভালো হয়েছে বলে হয়তো ১৭ ওভার খেলেছে তারা। আসলে ওটা না। ওদের তো কোনো চাপ ছিল না শট খেলার। ওরা সহজেই ম্যাচ বের করে নিয়েছে।’
পাওয়ার প্লেতে মাত্র ২১ রান করে কুমিল্লা, প্রথম ১০ ওভারেও ৪৩। তবু রানটা দেড় শ করার আশা করেছিলেন মাশরাফি। হাতে ছিল ৮ উইকেট। আগের ম্যাচেই শেষ ৫ ওভারে ৭৬ রান তুলেছে চিটাগং। কিন্তু সেই আশা ভঙ্গ হয়েছে কুমিল্লা অধিনায়কের, ‘একটা পর্যায়ে যখন আমাদের ৮ উইকেট হাতে, তখন আরেকটু চেষ্টা করা উচিত ছিল। ১০ ওভারে আমাদের রান যখন ৪৫ বা ৪৬ (আসলে ৪৩), তখন অবশ্যই অলআউট খেলা দরকার ছিল। কারণ এই উইকেটে রাতে বল ধরা খুব কঠিন, ১৫০/৬০ না হলে কোনো সুযোগ নেই।’
উইকেট ব্যাটিংয়ের জন্য কতটা সহায়ক ছিল, সেটা মাশরাফির পরের কথাতেই বোঝা যায়, ‘টস জিতলে অবশ্যই বোলিং করতাম। এবং আমি নিশ্চিত, ভালো বল করলেও ১৬০ রান তাড়া করতে হতো।’
ব্যাটিংয়ে দুই ওপেনারও ভালো করেননি। তবু মূল দায় নিতে হবে শেহজাদ ও স্যামুয়েলসকে। দুজনে মিলে ৯১ বল খেলেছেন। এই ৯১ বলে মাত্র ৭টি চার ও ৩টি ছক্কা! শেহজাদ তবু নিজের প্রথম বলেই চার মেরেছিলেন। স্যামুয়েলসের প্রথম বাউন্ডারি পেতে ২৮ বল লেগে গেল! ইনিংসের ১৬তম ওভারের ওই চারের পর আরও দুটি চার ও ছক্কা মেরেছেন ক্যারিবীয় ব্যাটসম্যান। কিন্তু ততক্ষণে বড় দেরি হয়ে গেছে।
মাশরাফি নিজেও জানেন না সমস্যাটা কোথায় ছিল। তবে আলোচনা করেই এর সমাধান খুঁজতে চান, ‘আমি জানি না মাঠের ভেতর কী হচ্ছিল, ওরাই ভালো বুঝবে। এ নিয়ে কথা তো বলতেই হবে। টিম মিটিং হবে। তারা নিজেরাও খোঁজার চেষ্টা করবে কী প্রবলেম ছিল উইকেটে। উইকেট যে রকম হোক ১০ ওভারে ৪৫, হাতে ৮ উইকেট। বাকি ১০ ওভার আপনাকে শট খেলার চেষ্টা করতেই হবে।’