প্রশ্নের উত্তর দিলেন মিঠুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪১ বলে ৪৭ রানের ইনিংসের পথে মিঠুন
৪১ বলে ৪৭ রানের ইনিংসের পথে মিঠুন

আমজাদ জাভেদেকে দিয়ে শুরু করেছিলেন। এর পর চার মেরেছেন আরও ৩টি। ছিল দেখার মতো দুটি ছয়ের মারও। সংযুক্ত আরব আমিরাতের বোলারদের একের পর এক বাউন্ডারি মেরে মোহাম্মদ মিঠুন যেন বলতে চাইলেন, ‘আস্থা রাখুন আমার ওপর!’
বাংলাদেশ দলে অন্তর্ভুক্তির পর থেকেই তাঁকে নিয়ে নানা প্রশ্ন। ঠিক কোন যুক্তিতে হঠাৎ এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে মিঠুনকে নেওয়া হলো, সেটির যথার্থ উত্তর পাওয়া কঠিনই ছিল। আন্তর্জাতিক অভিষেক ২০১৪ সালের ফেব্রুয়ারিতে, ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। অভিষেকটা হয়েছিল ভুলে যাওয়ার মতোই। আউট হয়েছিলেন ‘গোল্ডেন ডাক’ নিয়ে। একই বছরে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকও বলার মতো নয়। করেছিলেন ২৬ রান। এর পর আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর দীর্ঘ বিরতি।
প্রায় দেড় বছরের বিরতি শেষে ফিরলেন এশিয়া কাপ দিয়ে। সর্বশেষ বিপিএলেও পারফরম্যান্স বলার মতো ছিল না। পারফরম্যান্সের কথা যদি বিবেচনাই করা হয়, মিঠুনের সম্বল জানুয়ারিতে বিসিএলে দক্ষিণাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে করা ৭৮ রান। কিন্তু সেটা তো প্রথম শ্রেণির ম্যাচ!
তামিম ইকবালের অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে মিঠুনকে ওপেনিংয়ে নামিয়ে দেওয়ায় প্রশ্ন জাগল আরও এক দফা। তিনি সাধারণত এই পজিশনে ব্যাটিং করেন না। তার ওপর দলে রয়েছেন নির্ভেজাল আরেক ওপেনার ইমরুল কায়েস। ভারতের বিপক্ষে ম্যাচে আশিস নেহরার বলটা না বুঝে ১ রানে বোল্ড হয়ে যাওয়ার পর মিঠুন নিজেই খোরাক জোগালেন আরও সমালোচনার।
সব প্রশ্নের উত্তর দিতেই যেন আরব আমিরাত ম্যাচটি বেছে নিলেন তিনি। চোখধাঁধানো সব শটে উদ্বোধনী জুটির সঙ্গী সৌম্যকে নিয়ে দারুণ এগিয়ে চলেছিলেন মিঠুন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কখনো দুই অঙ্ক না ছোঁয়া মিঠুন কাল সব ব্যর্থতা পুষিয়ে দিতে চাইলেন। প্রচেষ্টার ষোলোকলা পূর্ণ হতো যদি হাফ সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থেকে নিজের উইকেটটা বিলিয়ে না দিয়ে আসতেন। তবে তাঁর ৪৭ রানের সুবাদেই বাংলাদেশ পেল লড়াইয়ের পুঁজি।
খুলনা-চট্টগ্রামে অনুশীলন পর্বে দারুণ ব্যাটিংয়ে তিনি নজর কেড়েছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহের। তাঁর ওপর বাংলাদেশ কোচের এতটাই আস্থা যে, নামিয়ে দিলেন একেবারে শুরুতেই। ভারতের বিপক্ষে ভালো না হলেও আমিরাতের বিপক্ষে ছন্দটা ঠিকই ধরে নিলেন। হাফ সেঞ্চুরির আক্ষেপটা হয়তো থেকে গেছে। তবে এই ইনিংসটা মিঠুনের কাছে নিশ্চিত অক্সিজেন হয়েই কাজ করবে।
মিঠুনের স্বস্তির দিনে অবশ্য অস্বস্তিতে সৌম্য। বাংলাদেশ দলের বাঁহাতি ওপেনারের শুরুটাকে দারুণই বলতে হবে। কিন্তু হঠাৎই ছন্দপতন! ১৪ বলে করলেন ২১ রান। সৌম্যের ইনিংসটা আকাশের অনেকখানি ওপরে উঠে যেন হঠাৎ গোঁত্তা খাওয়া ঘুড়ি।
গত বছর দুর্দান্ত খেলা সৌম্যের ব্যাটের ধারটার এ বছর এখনো যেন দেখা মিলছে না। জানুয়ারিতে জিম্বাবুয়ে সিরিজে চার ম্যাচে করেছেন মাত্র ৮৬ রান। এশিয়া কাপে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচেও নিজের ছায়া হয়ে থাকলেন। কাল আমিরাতের বিপক্ষে শুরুতে আলো ছড়িয়ে হঠাৎ হারিয়ে গেলেন মেঘের আড়ালে।
সৌম্য নিশ্চয়ই চাইবেন ব্যর্থতা কাটিয়ে ২২ গজে আবারও সেই রুদ্ররূপে ফিরে আসতে। আর সঙ্গে যদি থাকেন ছন্দময় মিঠুন,
টি-টোয়েন্টিতেও বাংলাদেশের জয়ের কাব্য লেখা কঠিন নয়।