প্রশ্নের মুখে অস্ট্রেলিয়ান ব্যাটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয় অনেক কিছু ভুলিয়ে দেয়। আবার পরাজয় অনেক কিছুই সামনে নিয়ে আসে। দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টেস্টে হারের পর হঠাৎ করেই অস্ট্রেলিয়া দলের ভাঙা টিনের চালে যেন একের পর এক ফুটো! কোচ ড্যারেন লেম্যান দলের সবার জায়গা নিয়েই প্রশ্ন তুলছেন। সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক কেপলার ওয়েসেলস প্রশ্ন তুলেছেন দলের ব্যাটিং নিয়ে।
প্রথম দিন শেষে দারুণ অবস্থানে থেকেও শেষ পর্যন্ত পার্থ টেস্টে হেরে গেছে অস্ট্রেলিয়া। মড়ার উপর খাঁড়ার ঘার মতো দলে যোগ হয়েছে চোটাঘাত। শন মার্শ আঙুল ভেঙে ফেলেছেন, পিঠের চোটে ছিটকে গেছেন পিটার সিডল। ক্যালাম ফার্গুসন ও জো বার্নসকে ডাকা হয়েছে দলে। হোবার্টে অভিষেক হয়ে যেতে পারে জ্যাকসন বার্ড বা জো মেনি—এই দুই পেসারের একজনের। প্রথম টেস্টে বিবর্ণ স্পিনার নাথান লায়ন বাদ পড়তে পারেন বলেও শোনা যাচ্ছে।
তবে লেম্যান আভাস দিচ্ছেন, দলে আরও পরিবর্তন আসতে পারে, ‘আমি বলব দলের সবাই এখন চাপে। সাফল্য না পেতে এটা আপনাকে মেনে নিতেই হবে।’ সর্বশেষ যেবার টানা চার টেস্ট হেরেছিল অস্ট্রেলিয়া, ভারতের সঙ্গে ওই সিরিজের পর নিজের চাকরি খোয়াতে হয়েছিল মিকি আর্থারকে।
স্মিথদের একদম চাঁছাছোলা ভাষায় সমালোচনা করেছেন ওয়েসেলসও, ‘আগের অস্ট্রেলিয়া দলের মধ্যে যা ছিল, তাদের মধ্যে ওই জেতার তীব্র ইচ্ছা বা লড়াকু মনোভাবটা কম বলে মনে হয়েছে। আর ব্যাটিংয়ের দশা তো খুবই খারাপ।’ পরে আরেকটু নির্দিষ্ট করেছেন ওয়েসেলস, ‘ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ বড় রান করতে না পারলেই অস্ট্রেলিয়া বিপদে পড়ে যায়। মিচেল মার্শ ছয়ে ব্যাট করে, ওদের টেল এন্ডাররাও একটু আগেভাগেই নেমে যায়।’
ওয়েসেলস আলাদা করে অধিনায়ক স্মিথেরও দায় দেখছেন, ‘বিশেষ করে স্টিভেন স্মিথের এখন বেশ চাপে থাকার কথা। এই (প্রথম) টেস্টে ওর অধিনায়কত্ব খুব ভালো কিছু ছিল না। ব্যাট হাতেও সে নিজের সেরা ফর্মে নেই। ব্যক্তিগতভাবে সে যখন সমস্যায় থাকে, সেটা দলের ওপরও প্রভাব ফেলে।’
১২ নভেম্বর হোবার্ট থেকে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। এএফপি।