প্রশ্নের মুখে বোর্ডপ্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দল ঘোষণার সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা দুপুর ১টায়। এসব ক্ষেত্রে ২০-৩০ মিনিট দেরি হওয়া বাংলাদেশে সবারই গা-সওয়া। কিন্তু অপেক্ষার প্রহর যখন এক-দেড় ঘণ্টা ছাড়িয়ে গেল, সংবাদ সম্মেলনকক্ষে তখন নানা রসিকতা। কেউ কেউ বললেন, ‘হয়তো দল নিয়ে এখন কাটাছেঁড়া হচ্ছে!’ দল ঘোষণার আগ মুহূর্তে কাটাছেঁড়ার ব্যাপারটি এতটাই অবিশ্বাস্য যে এটা নিয়ে হাসি-তামাশা হলো অনেক। কে জানত, আসলে সেটাই সত্যি! বাংলাদেশের ক্রিকেটে সবই সম্ভব!
সংবাদ সম্মেলন শুরু হলো বেলা ৩টা ১০ মিনিটে। বিসিবি সভাপতি নাজমুল হাসান শুরু করলেন, ‘কাজটা যে এত কঠিন হবে ধারণা ছিল না।’ প্রথম কথাটিতেই খটকা লাগল। ‘দল নির্বাচনের কাজটা কঠিন’—এ ধারণা হওয়ার কথা নির্বাচকদের! খটকাটাই বিস্ময়ে রূপ নিতে থাকল নাজমুল হাসানের পরের কথাগুলোয়, ‘আসলে নির্বাচনটা আগেই হয়ে গিয়েছিল। আমার ধারণা ছিল আজকে এসে শুধু ঘোষণা করব। কিন্তু সমস্যা হচ্ছে বোর্ডের এতগুলো পরিচালককে একসঙ্গে পেলাম। কোচ, অধিনায়কের সঙ্গেও কথা বলার সুযোগ হয়েছে। নির্বাচক কমিটির সবাই উপস্থিত ছিলেন। ওঁদের সঙ্গেও কথা বললাম। কথা বলতে গিয়ে সমস্যা হলো, আমাদের কাছে অপশন বেশি থাকাতে কাকে বাদ দেওয়া হবে এ সিদ্ধান্ত নেওয়াটা বেশ কঠিন। একেকজনের একেক রকম মতামত অবশ্যই থাকে এবং সেটা ছিল।’
বোর্ডপ্রধানের কথা শুনে অবিশ্বাসের দৃষ্টিতে পরস্পর মুখ চাওয়া-চাওয়ি করলেন সংবাদকর্মীরা। দল নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচক কমিটি আছেন। তাঁদের নির্বাচিত দল অনুমোদন করবেন বোর্ডপ্রধান, চাইলে নিজের মতামতও দিতে পারবেন। কিন্তু হঠাৎ জনমত জরিপের প্রয়োজন কেন পড়ল! দল নির্বাচন নিয়ে নানাজনের নানামত থাকবে, খুবই স্বাভাবিক। বাংলাদেশের ১৬ কোটি মানুষের ৮ কোটি মত থাকতে পারে। কিন্তু সবার কথা শুনতে হলে আর নির্বাচক কমিটি কেন আছে! বোর্ড পরিচালকদের একসঙ্গে পাওয়া গেল বলেই দল নির্বাচন নিয়ে মতামত চাওয়া বা নেওয়া হবে?
প্রশ্ন উঠল স্বাভাবিকভাবেই। নাজমুল হাসানের উত্তর শুধু প্রশ্নেরই জন্ম দিল আরও, ‘সবার মতামত, ব্যাপারটা তা নয়। যেহেতু বেশির ভাগ বোর্ড পরিচালক ছিল, এ কারণে সুযোগটা হাতছাড়া করিনি। ওনাদের সঙ্গে দলটা নিয়ে আলোচনা করেছি।’ অথচ সেই আলোচনা যে ‘খোশগল্প’ বা দলটা সম্পর্কে স্রেফ ধারণা দেওয়াতেই সীমাবদ্ধ ছিল না, সেটাও বলে দিয়েছেন নাজমুল হাসান নিজেই, ‘দুটি ইস্যু নিয়ে আমরা চ্যালেঞ্জের মুখে পড়েছিলাম। একটি হচ্ছে স্পিন বিভাগে, আমাদের তিনজন স্পিনার আছে—তাইজুল, জুবায়ের ও আরাফাত সানি। এখান থেকে কাকে রেখে কাকে বাদ দেওয়া হবে, এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল। দ্বিতীয়ত পেস বিভাগে আল আমিন, শফিউল ইসলাম ও রুবেল হোসেনের মধ্যে কাকে রেখে কাকে নেওয়া হবে না। এখানে একেকজনের একেক রকম পছন্দ থাকতেও পারে। আমাদের সব পক্ষের কথা শুনতে হয়েছে আজকে।’
নির্বাচক কমিটি আছে, বোর্ডপ্রধান নিজেও বললেন যে দল নির্বাচন হয়ে গেছে আগেই। তাহলে দল ঘোষণার আগ মুহূর্তে কেন শুনতে হবে সব পক্ষের কথা! বিস্ময়কে ছাপিয়ে যায় বিস্ময়। অবাকপর্বের শুরু অবশ্য কথা শুরু হওয়ার আগেই। বিশ্বকাপের দল ঘোষণা বলে এমনিতেই সংবাদকর্মীদের বিশাল ভিড়। বোর্ডপ্রধান ও পরিচালকদের সঙ্গে কক্ষে ঢুকলেন চেনা-অচেনা আরও অনেকে, সেখানে যাঁদের থাকার কথা নয়, কোনো ভূমিকা রাখারও সুযোগ নেই। দল নির্বাচন করার মতো ঘোষণা দেওয়ার কাজটিও নির্বাচকদেরই হওয়া উচিত। তার পরও বিশ্বকাপ দল বলে বোর্ডপ্রধানের আগ্রহ থাকাটা অন্যায় কিছু নয়। কিন্তু সংবাদ সম্মেলনের মঞ্চে বোর্ডপ্রধানের সঙ্গে থাকলেন ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মিডিয়া কমিটির চেয়ারম্যানও! প্রধান নির্বাচক ফারুক আহমেদের জায়গা হলো এক কোনায়। বাকি দুই নির্বাচকের জায়গাই হলো না সেখানে, মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশার বসে রইলেন কক্ষের পেছনে এক কোনায়! যেন কোনো রাজনৈতিক মঞ্চ বা মফস্বলের কোনো অনুষ্ঠান, যেখানে প্রয়োজনীয়তার চেয়ে মুখ দেখানোই মুখ্য! প্রধান নির্বাচক নন, দৃষ্টিকটুভাবে ১৫ জনের নামও পড়লেন বোর্ড প্রধান।
প্রশ্নবাণের মুখে অবশ্য বোর্ডপ্রধান বারবার বললেন, নির্বাচকদের দলে তেমন কোনো পরিবর্তন হয়নি। ওই ‘তেমন’ পরিবর্তন আসলে কেমন পরিবর্তন, সেই প্রশ্নও উঠল। সবশেষে পরিস্থিতি সামাল দিয়ে ইতি টানার বক্তব্যেও রয়ে গেল অনেক বিতর্কের অবকাশ।
সব মিলিয়ে নির্বাচিত দল নিয়ে প্রশ্ন সামান্যই, অনেক প্রশ্ন দল গঠন ও ঘোষণার প্রক্রিয়া নিয়ে। বাংলাদেশের দায়িত্বশীল ব্যক্তিরা কীভাবে নিজেরাই নিজেদের এমন হালকা ও হাস্যাস্পদ করে তোলেন!